রাজশাহীতে আন্তর্জাতিক জুনিয়র টেনিস টুর্নামেন্ট শুরু
রাজশাহীতে আন্তর্জাতিক জুনিয়র টেনিস টুর্নামেন্ট শুরু
মোস্তাফিজুর রহমান লিটন, রাজশাহী : বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রাজশাহীতে শুরু হয়েছে ৩১তম আন্তর্জাতিক (অনূর্ধ্ব-১৮) জুনিয়র টেনিস টুর্নামেন্ট-২০২৬। সোমবার (৫ অক্টোবর) সকাল ৯টায় রাজশাহী টেনিস কমপ্লেক্সে বেলুন-ফেস্টুন উড়িয়ে ও কেক কেটে ছয় দিনব্যাপী এ আন্তর্জাতিক টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে অতিথিরা প্রতিযোগিতায় অংশ নেওয়া দেশ-বিদেশের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন। পরে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, আন্তর্জাতিক এ টুর্নামেন্টের মাধ্যমে দেশের তরুণ টেনিস খেলোয়াড়দের আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের প্রতিভা ও দক্ষতা প্রদর্শনের সুযোগ তৈরি হয়েছে। একই সঙ্গে রাজশাহীতে আন্তর্জাতিক ক্রীড়া আয়োজনের ধারাবাহিকতা আরও সমৃদ্ধ হয়েছে। তিনি টুর্নামেন্টের সফলতা কামনা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার মোঃ ইউসুফ আলী।
অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আশিক সাঈদ, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ ঈশা এবং রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট।
টুর্নামেন্টের স্বাগত বক্তব্য দেন টুর্নামেন্ট ডিরেক্টর হাসিনুর রহমান টিংকু। এ ছাড়া বক্তব্য দেন বাংলাদেশ টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ তারিক এবং রাজশাহী টেনিস কমপ্লেক্সের অ্যাডহক কমিটির আহ্বায়ক ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান।
আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, ৫ থেকে ১০ অক্টোবর রাজশাহী টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে এ আন্তর্জাতিক প্রতিযোগিতা। এতে স্বাগতিক বাংলাদেশসহ ১০টি দেশের শতাধিক খেলোয়াড় অংশ নিচ্ছেন। বাংলাদেশ ছাড়াও ভারত, থাইল্যান্ড, চাইনিজ তাইপে, হংকং, নেপাল, জাপান, চীন, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের খেলোয়াড়রা প্রতিযোগিতায় অংশ নিয়েছেন।
বালকদের মধ্যে র্যাংকিংয়ে শীর্ষে রয়েছেন থাইল্যান্ডের লিকুল পাটচারাফুল। তাঁর আইটিএফ বিশ্ব জুনিয়র র্যাংকিং ১ হাজার ৫৯। বালিকাদের মধ্যে শীর্ষ র্যাংকিংয়ের খেলোয়াড় ভারতের শেখ শাজফা। তাঁর আইটিএফ বিশ্ব জুনিয়র র্যাংকিং ২ হাজার ৪৫।
টুর্নামেন্টে বালক ও বালিকা এককে ৩২ জন করে খেলোয়াড়ের ড্র থাকবে। এর মধ্যে আটজন করে খেলোয়াড় কোয়ালিফাইং রাউন্ড এবং চারজন করে ওয়াইল্ড কার্ডের মাধ্যমে মূল পর্বে জায়গা পাবেন।
এবারের প্রতিযোগিতায় রাজশাহী থেকে মোট পাঁচজন খেলোয়াড় অংশ নিচ্ছেন। তাঁদের মধ্যে রাকিন রহমান ও বকুল আলী মেইন ড্রয়ে খেলবেন। পাশাপাশি বালক ও বালিকা দ্বৈত ইভেন্টে ১৬টি করে ড্র থাকবে।
টুর্নামেন্টের সার্বিক পরিচালনায় আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের অনুমোদিত হোয়াইট ব্যাজ রেফারি ভারতের জয় মুখার্জী টুর্নামেন্ট রেফারির দায়িত্ব পালন করছেন।
দেশ-বিদেশের তরুণ প্রতিভাবান খেলোয়াড়দের অংশগ্রহণে এবারের প্রতিযোগিতাকে ঘিরে রাজশাহীর টেনিস অঙ্গনে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। আয়োজকদের আশা, এ টুর্নামেন্টের মাধ্যমে বাংলাদেশের জুনিয়র খেলোয়াড়রা আন্তর্জাতিক পর্যায়ে অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি নিজেদের দক্ষতা আরও শাণিত করার সুযোগ পাবেন।
কমেন্ট বক্স