০৬ অক্টোবর ২০২৬ , ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

জাপানে সাত দিনের সফর শেষে দেশে ফিরলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ০৫-১০-২০২৬
জাপানে সাত দিনের সফর শেষে দেশে ফিরলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ছবিঃ সংগৃহীত

জাপান সফর শেষ করে দেশে ফিরেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিতের নেতৃত্বাধীন উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। রবিবার তাঁরা দেশে ফেরেন। ২৬ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত সাত দিনের এই সফরে বাংলাদেশের স্বাস্থ্য খাতের উন্নয়ন নিয়ে জাপানের সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করেন প্রতিনিধি দলের সদস্যরা।

প্রতিমন্ত্রীর সফরসঙ্গী ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব শাহ ইমাম আলী রেজা, স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) মহাপরিচালক প্রফেসর ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের (এনআইসিভিডি) পরিচালক প্রফেসর ডা. আব্দুল ওয়াদুদ চৌধুরী, নরসিংদী সদর হাসপাতালের সিভিল সার্জন মো. বুলবুল কবীর এবং প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সচিব মো. সারওয়ার সালাম।

সমন্বিত অসংক্রামক রোগ (এনসিডি) প্রতিরোধ ও ব্যবস্থাপনা প্রকল্পের সম্ভাবনা যাচাইয়ের অংশ হিসেবেই সফরটির আয়োজন করা হয়। সফরে জাপানের প্রতিষ্ঠান ও বিশেষজ্ঞদের সঙ্গে অসংক্রামক রোগ প্রতিরোধ ও ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা প্রদান, স্বাস্থ্য অর্থায়ন এবং চিকিৎসা-প্রযুক্তি নিয়ে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করেন প্রতিনিধি দলের সদস্যরা। মূল লক্ষ্য ছিল জাপানের সফল স্বাস্থ্যব্যবস্থার অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশের স্বাস্থ্য খাতকে আরও কার্যকর ও শক্তিশালী করে তোলা।

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) সদর দপ্তরে প্রতিনিধি দলকে জাপানের স্বাস্থ্যসেবা প্রদান ও স্বাস্থ্য অর্থায়ন ব্যবস্থা নিয়ে ব্রিফ করা হয়। এরপর তাঁরা স্বাস্থ্যসেবা, শিক্ষা ও চিকিৎসা-প্রযুক্তি খাতের কয়েকটি প্রতিষ্ঠান পরিদর্শন করেন—এর মধ্যে ছিল টেরুমো মেডিকেল প্রানেক্স, ফুজিফিল্ম, তেইকিও বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদ, তোকুশুকাই হাসপাতাল, রিভারফিল্ড রোবোটিক সার্জারি এবং একটি বেসরকারি ক্লিনিক। পরিদর্শন শেষে চিকিৎসা পদ্ধতি, ক্লিনিক্যাল সেবা, চিকিৎসা শিক্ষা, রোগ নির্ণয়ের প্রযুক্তি ও উন্নত চিকিৎসা সমাধান নিয়ে মতবিনিময় হয়।

সফরকালে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎ, সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা এবং নিপ্পন কোয়ে ও কেআরসির সঙ্গেও আলোচনা হয়। এ সময় জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন (জেট্রো) ও জাপানে বাংলাদেশ দূতাবাস যৌথভাবে ‘বাংলাদেশ হেলথ বিজনেস সেমিনার’ আয়োজন করে, যেখানে দুই দেশের অংশীজনেরা স্বাস্থ্য খাতে সহযোগিতার সম্ভাবনা নিয়ে কথা বলেন।

জাপানে প্রাথমিক, মাধ্যমিক ও তৃতীয় পর্যায়ের হাসপাতাল পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে প্রতিমন্ত্রী এম এ মুহিত প্রতিটি স্তরের স্পষ্ট ভূমিকা এবং রেফারেলের মাধ্যমে রোগীদের এক পর্যায় থেকে অন্য পর্যায়ে সেবা পাওয়ার প্রক্রিয়ার কথা উল্লেখ করেন। জাপানের স্বাস্থ্যকর্মীদের পেশাদারি মনোভাব, শৃঙ্খলা ও সহমর্মিতার প্রশংসা করে তিনি বলেন, “এর থেকে প্রমাণ হয় যে, প্রযুক্তি কেনা যায়, কিন্তু মানসম্মত সেবার সংস্কৃতি গড়ে তুলতে হয়। আর এই শিক্ষাই আমরা দেশে নিয়ে এসেছি, যা আমাদের দেশের স্বাস্থ্যকর্মীদের অনুপ্রাণিত করবে বলে আমার বিশ্বাস।”

এ সফর থেকে পাওয়া জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশে অসংক্রামক রোগ প্রতিরোধ ও চিকিৎসার একটি সমন্বিত ব্যবস্থা গড়ে তোলা হবে বলে আশা করা হচ্ছে।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ