ছবিঃ সংগৃহীত
২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের পাঠ্যবই ছাপানোর দরপত্রে অনিয়ম ও প্রাক্কলিত দর ফাঁসের অভিযোগে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার রাজধানীর মতিঝিলে এনসিটিবি কার্যালয়ে দুদকের প্রধান কার্যালয়ের এনফোর্সমেন্ট টিম এ অভিযান চালায় বলে জানিয়েছেন সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা মো. তানজির আহমেদ।
দুদকের ভাষ্য, ২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের পাঠ্যবই মুদ্রণের দরপত্রে এনসিটিবির নির্ধারিত প্রাক্কলিত দর আগেভাগে কিছু অসাধু ঠিকাদারের কাছে ফাঁস করে দেওয়ার অভিযোগ রয়েছে। এরপর যোগসাজশ ও গোপন সমঝোতার মাধ্যমে প্রাক্কলিত দর বাড়িয়ে রাষ্ট্রের বিপুল অর্থ আত্মসাৎ ও ক্ষতিসাধনের চেষ্টা চলছে— এমন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই অভিযানটি চালানো হয়।
অভিযানের সময় দুদক টিম দরপত্র-সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র, নথি ও রেকর্ডপত্র খতিয়ে দেখে।
দুদক আরও জানায়, অভিযানে সংগ্রহ করা নথিপত্র ও প্রাথমিক তথ্য-উপাত্ত বিস্তারিত পর্যালোচনা করা হচ্ছে; পর্যালোচনার ভিত্তিতে অনিয়মে জড়িতদের বিরুদ্ধে কমিশন থেকে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
একই দিন পটুয়াখালীর রাঙ্গাবালী ইউনিয়ন ভূমি অফিসে জমি নামজারিতে বাড়তি অর্থ দাবি ও গ্রাহক হয়রানির অভিযোগে পৃথক অভিযান চালিয়েছে দুদকের পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়।