০৬ অক্টোবর ২০২৬ , ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

৫ নভেম্বরের মধ্যে প্রতিবেদন: মাঠে নামছেন প্রাথমিকের ১৮০ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ০৬-১০-২০২৬
৫ নভেম্বরের মধ্যে প্রতিবেদন: মাঠে নামছেন প্রাথমিকের ১৮০ কর্মকর্তা ছবিঃ সংগৃহীত

প্রাথমিক শিক্ষার মাঠপর্যায়ের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন, পর্যালোচনা ও পর্যবেক্ষণের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ১৮০ কর্মকর্তাকে দেশের বিভিন্ন উপজেলা ও থানায় পাঠানোর নির্দেশ এসেছে।

অধিদপ্তরের আগস্ট মাসের মাসিক সমন্বয় সভার সিদ্ধান্ত অনুযায়ী এ নির্দেশ দেওয়া হয়েছে। গত ২৮ সেপ্টেম্বর জারি করা অফিস আদেশে কর্মকর্তাদের নামের পাশে নির্ধারিত উপজেলা বা থানার তালিকাও প্রকাশ করা হয়েছে।

অফিস আদেশে সই করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপবৃত্তি বিভাগের পরিচালক (যুগ্ম সচিব) মো. মাসুদ হোসেন, গতকাল সোমবার (৫ অক্টোবর)।

আদেশে বলা হয়েছে, আগামী ৫ নভেম্বরের মধ্যে নির্ধারিত এলাকায় সরেজমিন পরিদর্শন শেষ করে প্রতিবেদন জমা দিতে হবে।

আদেশ অনুযায়ী, মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক, পরিচালকসহ অধিদপ্তরের শীর্ষ কর্মকর্তারা দেশের যেকোনো উপজেলা পরিদর্শন করতে পারবেন।

এ ছাড়া বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের নির্দিষ্ট উপজেলা ও থানায় পাঠাতে তালিকা তৈরি হয়েছে। সেই তালিকায় জয়পুরহাট, বগুড়া, নওগাঁ, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহসহ বিভিন্ন জেলার উপজেলা রয়েছে।

নির্দেশনা অনুযায়ী, কর্মস্থল ত্যাগের আগে কর্মকর্তাদের নিজ নিজ বিভাগের পরিচালকের পূর্বানুমতি নিতে হবে। পরিচালকরা তাঁদের অধীন কর্মকর্তাদের পর্যায়ক্রমে মাঠপর্যায়ে পরিদর্শনের অনুমতি দেবেন।

আদেশে উল্লেখ আছে, উপবৃত্তি বিভাগের কর্মকর্তারা নির্ধারিত ট্যুর ব্যবস্থায় তাঁদের নামের পাশে উল্লেখিত উপজেলা বা থানার প্রাথমিক শিক্ষা অফিস এবং ওই এলাকার তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করবেন।

এর মধ্যে একটি শহরের ও দুটি গ্রামের বিদ্যালয় বিক্ষিপ্ত নমুনায়নের ভিত্তিতে বাছাই করতে হবে এবং সরেজমিনে দুই দিন অবস্থান করে পরিদর্শন, পর্যালোচনা ও পর্যবেক্ষণ করতে হবে।

অন্যদিকে অধিদপ্তরের অন্যান্য বিভাগের কর্মকর্তাদের নির্ধারিত উপজেলা বা থানার দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করতে হবে।

এর মধ্যে একটি শহর ও একটি গ্রামীণ বিদ্যালয় বিক্ষিপ্ত নমুনায়নে বাছাই করে সরেজমিনে এক দিন অবস্থান করে পরিদর্শন, পর্যালোচনা ও পর্যবেক্ষণের কথা বলা হয়েছে।

পরিদর্শন শেষে নির্ধারিত ছকে বিস্তারিত প্রতিবেদন তৈরি করে পরবর্তী পাঁচ কার্যদিবসের মধ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপবৃত্তি বিভাগে জমা দিতে হবে।

প্রতিবেদন জমার প্রমাণক কপি টিএ/ডিএ বিলের সঙ্গে যুক্ত করাও বাধ্যতামূলক করা হয়েছে।

আদেশে আরও বলা হয়, কর্মকর্তারা নিজ নিজ বেতন খাত থেকে প্রচলিত বিধি-বিধান অনুযায়ী টিএ/ডিএ পাবেন। অধিদপ্তরে সংযুক্তিতে কর্মরতদের টিএ/ডিএ বিল সংগ্রহ করতে হবে মাঠপর্যায়ের সংশ্লিষ্ট দপ্তর থেকে।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ