ছবিঃ সংগৃহীত
জাতীয় দলের হয়ে বিদায়ী ভাষণ দিতে গিয়ে আর্জেন্টিনার বুয়েনস আইরেসের ঐতিহাসিক মনুমেন্তাল স্টেডিয়ামে এক আবেগঘন মুহূর্ত তৈরি করলেন লিওনেল মেসি। গ্যালারির ভক্তরা তো বটেই, সতীর্থ এনজো ফার্নান্দেজসহ উপস্থিত খেলোয়াড়রাও তখন কান্নায় ভেঙে পড়েন। অথচ মেসিকে সে সময় বেশ শান্ত ও আত্মবিশ্বাসী ভঙ্গিতেই দেখা গেছে।
বিদায়ের এই ক্ষণে অবশ্য সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে গত বিশ্বকাপ ঘিরে তৈরি হওয়া নানা ‘কনস্পিরেসি থিওরি’ বা ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে মেসির খোলামেলা বক্তব্য নিয়ে। বিশ্বকাপের ম্যাচগুলো এবং জাতীয় দল থেকে বিদায় ঘিরে নানা মুখরোচক ষড়যন্ত্র তত্ত্ব ও গুজব ছড়িয়ে পড়েছিল।
বিদায়ী মঞ্চ থেকে সেই সব জল্পনা-কল্পনা এক তুড়িতেই উড়িয়ে দিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। তিনি স্পষ্ট করে বলেছেন, বিশ্বকাপ চলাকালে কিংবা দলের পারফরম্যান্সের পেছনে অদ্ভুত বা রহস্যময় কোনো ঘটনা ছিল না। মেসি বলেন, ‘আমার তো সবসময় ইচ্ছা করে এই জার্সিতে খেলে যেতে, কিন্তু আমার মনে হয়েছে সরে দাঁড়ানোর এখনই উপযুক্ত সময়। গত বিশ্বকাপটি সত্যি আমাদের জন্য অনেক বেশি ধকলের ছিল। আমরা আবার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখেছিলাম, ট্রফির খুব কাছাকাছিও পৌঁছেছিলাম। অনেকে অনেক কথা বললেও সত্যি বলতে সেখানে অদ্ভুত কিছুই ঘটেনি। আমরা আমাদের সেরাটাই দিয়েছিলাম।’
বিশ্বকাপের ম্যাচগুলো কতটা তীব্র ছিল, তা বোঝাতে মেসি ফিরে যান ইংল্যান্ডের বিপক্ষে লড়াইয়ের স্মৃতিতে। সেমিফাইনালের ওই ম্যাচ শারীরিক ও মানসিকভাবে দলকে চরম ক্লান্ত করে ফেলেছিল বলে জানান তিনি। তাঁর ভাষায়, ‘ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচটা আমাদের শারীরিক ও মানসিকভাবে নিংড়ে নিয়েছিল। বাস্তবতা হলো, সেই ধাক্কা সামলে আমরা কোনোমতে টিকে ছিলাম।’
এই জার্সির জন্য অতীতে যাঁরা লড়াই করেছেন, তাঁদেরও স্মরণ করেন মেসি। তিনি বলেন, ট্রফি আসুক বা না আসুক, জাতীয় দলের হয়ে যাঁরাই খেলেছেন, তাঁরা সব সময় নিজেদের সেরাটা উজাড় করে দিয়েছেন।
বাইরের আক্রমণ ও ষড়যন্ত্রের মুখে দলকে এক থাকার বার্তা মেসি দেন বক্তব্যের শেষ ভাগে। সতীর্থদের সতর্ক করে দিয়ে তাঁর কথা, ‘যখন আমরা একসঙ্গে থাকি, তখন আমরা যেকোনো কিছুর চেয়ে শক্তিশালী। সামনে আরও কঠিন সময় আসবে, কিন্তু আমাদের শক্ত থাকতে হবে। এমন কিছু মানুষ রয়েছে যারা জাতীয় দলের পতন দেখতে চায়, তাদের সেই সন্তুষ্টি আমাদের কখনোই দেওয়া যাবে না।’
এই মহাতারকার মতে, যেকোনো দলের আসল শক্তি ধরা পড়ে বিপদের সময়েই। সে কথা উল্লেখ করে আর্জেন্টিনাকে শক্তিশালী ও ঐক্যবদ্ধ দল হিসেবে এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।