ছবিঃ সংগৃহীত
চিহ্নিত মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম্য বন্ধ ও তাদের গ্রেফতারের দাবিতে সাতক্ষীরা সদরের ভালুকা চাঁদপুরে মানববন্ধন, প্রতিবাদ সভা এবং বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০টায় ভালুকা চাঁদপুর মডেল হাইস্কুল প্রাঙ্গণ থেকে বের করা হয় একটি বর্ণাঢ্য বিক্ষোভ মিছিল। স্থানীয় সচেতন মানুষের সঙ্গে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক এবং সাধারণ মানুষ এতে যোগ দেন। এলাকার প্রধান প্রধান সড়ক ঘুরে মিছিলটি সমাবেশস্থলে পৌঁছে শেষ হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন ধুলিহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমান চৌধুরী। এতে বক্তব্য রাখেন ভালুকা চাঁদপুর মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মো. লিয়াকত আলী, ভালুকা চাঁদপুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মহাসিনুল ইসলাম, ভালুকা চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সেলিমুর রহমান ও ভালুকা চাঁদপুর সবুজ সংঘের সাধারণ সম্পাদক মাস্টার আবু অহিদ বাবলু।
বক্তাদের অভিযোগ, মমতাজ, ফজর ও কাজল নামের স্থানীয় চিহ্নিত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের সাম্রাজ্য গড়ে তুলেছে। এদের অপতৎপরতার কারণে এলাকার উদীয়মান স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা মাদকের মারাত্মক ঝুঁকির মুখে পড়ছে। অতি সম্প্রতি চিহ্নিত এই তিন মাদক ব্যবসায়ীর বাড়িঘরে বিক্ষুব্ধ জনতা ভাঙচুর চালালেও তাদের অসামাজিক ও অবৈধ কর্মকাণ্ড বন্ধ হয়নি। বক্তারা তাদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য স্থানীয় প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
প্রতিবাদ সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ধুলিহর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. শরিফুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী সাইদুজ্জামান চৌধুরী খোকন, সাবেক ইউপি সদস্য আলহাজ আবদুর মান্নান, মুহুরি মহিদুল ইসলাম, খেলোয়াড় জহুরুল ইসলাম, মুস্তাফিজুর, আজিজ, টুটুলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। স্কুল, কলেজ ও মাদ্রাসার সাধারণ শিক্ষার্থীরাও সেখানে ছিলেন।