১৭ নভেম্বর ২০২৬ , ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

মানিকগঞ্জে টিন কেটে ডাকাতির চেষ্টা, একজনকে ধরে গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ০৭-১০-২০২৬
মানিকগঞ্জে টিন কেটে ডাকাতির চেষ্টা, একজনকে ধরে গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ ছবিঃ সংগৃহীত

মানিকগঞ্জে টিন কেটে ঘরে প্রবেশের চেষ্টাকালে মামুন (৫৫) নামে এক ব্যক্তিকে ধরে ফেলেন স্থানীয় লোকজন। গণধোলাই দেওয়ার পর তাঁরা তাঁকে পুলিশের কাছে তুলে দেন। এতে আহত হওয়ায় পুলিশ পরে তাঁকে হাসপাতালে ভর্তি করেছে।

ঘটনাটি ঘটে মঙ্গলবার দিবাগত রাতে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের উত্তর উথুলী গ্রামে। পুলিশের তথ্যমতে, আটক মামুন পাবনা জেলার সুজানগর উপজেলার গোলচন্দ্রপুর গ্রামের বাসিন্দা।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় বাসিন্দারা জানান, ডাকাতির উদ্দেশ্যে রাতে পাঁচ থেকে ছয়জনের একটি দল উত্তর উথুলী গ্রামের হাছল উদ্দিনের বাড়িতে আসে। হাছল উদ্দিনের দুই ছেলের ঘরে প্রবেশের জন্য তারা টিন কেটে দরজা খোলার চেষ্টা চালায়।

হাছল উদ্দিনের ছেলে হায়দার বলেন, টিন কাটার শব্দ পেয়ে তাঁর ঘুম ভাঙে। ব্যাপারটি টের পেয়ে তিনি চিৎকার দিতে শুরু করেন, এতে আশপাশের লোকজন ছুটে আসেন। দলটি তখন দৌড়ে পালাতে চেষ্টা করে। স্থানীয়রা মামুনকে ধরে মারধর করেন এবং পরে পুলিশের হাতে তুলে দেন। তবে অন্যরা পালিয়ে যেতে সক্ষম হয়।

মানিকগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন মোল্লা বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় মামুনকে আটক করে। শুরুতে তাঁকে নেওয়া হয় জেলার জেনারেল হাসপাতালে। সেখানকার চিকিৎসক পরে তাঁকে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করার পরামর্শ দেন। এখন সেখানেই তিনি চিকিৎসাধীন।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ