১০ অক্টোবর ২০২৬ , ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

মুসলমানদের মতো অন্য ধর্মাবলম্বীরাও আমার পরিবারের সদস্য : হুইপ অপু

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ১০-১০-২০২৬
মুসলমানদের মতো অন্য ধর্মাবলম্বীরাও আমার পরিবারের সদস্য : হুইপ অপু ছবিঃ সংগৃহীত

‘মুসলমানরা যেমন আমার পরিবারের সদস্য, তেমনি অন্য ধর্মাবলম্বীরাও আমার পরিবারের সদস্য’—এমন মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। তিনি বলেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধার পরিবেশ বজায় রেখে সব ধর্মের মানুষকে নিজ নিজ ধর্মীয় উৎসব পালনের সুযোগ নিশ্চিত করতে হবে। শুক্রবার (০৯ অক্টোবর) ডামুড্যা উপজেলার ধানকাটি ইউনিয়নের পৈতকাটি দুর্গা মন্দির পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি মন্দিরের সার্বিক নিরাপত্তা, পূজা উদ্‌যাপনের প্রস্তুতি এবং ভক্তদের সুবিধা- অসুবিধার বিষয়ে খোঁজখবর নেন। হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, ‘আপনারা দেখেছেন, রাজনৈতিক নেতৃবৃন্দ সাধারণত পূজার দিনই আসেন। কিন্তু এবার মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় পূজা যেন সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থাপনা নিশ্চিত করতে সকল এমপিদের আগাম আসার নির্দেশ দেন। সেই প্রেক্ষিতেই আমি আগাম এসেছি।’

তিনি বলেন, পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করা, দর্শনার্থীদের নির্বিঘ্নে চলাচলের ব্যবস্থা করা এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে। পাশাপাশি স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি ও পূজা উদ্‌যাপন কমিটিকে সমন্বয়ের মাধ্যমে কাজ করার আহ্বান জানান তিনি। হুইপ অপু আরও বলেন, ‘মুসলমানরা যেমন আমার পরিবারের সদস্য, তেমনি অন্য ধর্মাবলম্বীরাও আমার পরিবারের সদস্য।’ তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষ দীর্ঘদিন ধরে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনে বসবাস করে আসছেন। তিনি আরও বলেন, কোনো ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে বিভেদ বা উসকানি সৃষ্টির সুযোগ দেওয়া যাবে না। শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদ্‌যাপন নিশ্চিত করতে স্থানীয় জনগণকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব বা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে যাতে কেউ পরিস্থিতি অস্থিতিশীল করতে না পারে, সে বিষয়েও সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। মন্দির পরিদর্শনকালে নগদ অর্থ এবং চাল বিতরণ করেন হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।

পরে তিনি শরীয়তপুরের ডামুড্যা উপজেলা হলরুমে উপজেলা উন্নয়ন তহবিলের আওতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগ শনাক্তকরণের ৫০০টি কিট হস্তান্তর করেন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার শাহ আলম সিদ্দিকীর হাতে এসব কিট তুলে দেওয়া হয়। এ সময় এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার, মো: সালাহউদ্দিন আইয়ুবী, ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির আহবায়ক এডভোকেট শাহাদাত হোসেন, অহবায়ক কমিটির সদস্য জিল্লুর রহমান মধু, উজ্জল শিকদার, এডভোকেট শফিকুল ইসলাম, পৌরসভা বিএনপির আহবায়ক আলমগীর হোসেন মাদবরসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় হুইপ অপু বলেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার পাশাপাশি দ্রুত রোগ শনাক্তকরণ ও প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা জরুরি। ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দেরি না করে দ্রুত হাসপাতালে গিয়ে পরীক্ষা করানোর জন্য তিনি সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান। তিনি আরো বলেন আরও বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, বাড়ির আশপাশে পানি জমতে না দেওয়া এবং মশার প্রজননস্থল ধ্বংস করা প্রয়োজন। এ বিষয়ে স্থানীয় প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করতে হবে। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের কর্মী, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ