ছবিঃ সংগৃহীত
ইতালির ঐতিহ্যবাহী ও বিখ্যাত ওয়াইন প্রস্তুতকারক কম্পানি ‘মার্কেসি আন্তিনোরি’র গুদাম থেকে প্রায় ৫০ লাখ ইউরো মূল্যের (প্রায় ৭০ কোটি টাকা) ৩০ হাজার বোতল দামি ওয়াইন চুরি হয়েছে। দেশটির টাস্কানি অঞ্চলে শনিবার ঘটা এই চাঞ্চল্যকর ঘটনাকে ইতালির ইতিহাসে ওয়াইন চুরির সবচেয়ে বড় ঘটনা বলে উল্লেখ করেছেন কম্পানিটির প্রধান নির্বাহী।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইতালীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিদেশে পাঠানোর জন্য ওয়াইনের চালান প্রস্তুত করার সময় এই চুরি হয়। অন্তত সাতজন মুখোশধারী ব্যক্তি গুদামে প্রবেশ করে অ্যালার্ম ও নিরাপত্তা ক্যামেরা অকার্যকর করে দেয়। এরপর কম্পানির নিজস্ব ফর্কলিফট ব্যবহার করে দুটি বড় ট্রাকে মূল্যবান ওয়াইনের বোতল বোঝাই করে পালিয়ে যায় তারা। চুরি হওয়া ওয়াইনের মধ্যে রয়েছে কম্পানিটির বিখ্যাত ব্র্যান্ড টিনিয়ানেলো, সোলাইয়া ও গুয়াদো আল তাসো। প্রতি বোতলের বাজারমূল্য ১৫০ থেকে ৫০০ ইউরো।
কম্পানি কর্তৃপক্ষের ধারণা, এটি কোনো সাধারণ চোর চক্রের কাজ নয়। চোরেরা নিশ্চিতভাবেই ওয়াইন বিশেষজ্ঞ ছিল এবং তাদের কাছে কম্পানির ভেতরের গোপন তথ্য ও যাতায়াতের খবর ছিল। কারণ, তারা অত্যন্ত সুনির্দিষ্ট ও মূল্যবান বোতলগুলোই বাছাই করে চুরি করেছে। সোমবার সকালে কর্মীরা গুদামে পৌঁছানোর পর চুরির বিষয়টি জানাজানি হয়। এ ঘটনায় এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
বিখ্যাত ইতালীয় পত্রিকা ‘করিয়েরে দেল্লা সেরা’কে দেওয়া সাক্ষাৎকারে প্রধান নির্বাহী রেনজো কোতারেলা বলেন, ‘ইতালিতে এত বড় মাপের এবং এত মূল্যবান চুরির ঘটনা আগে কখনো ঘটেনি।’
ফিনান্সিয়াল টাইমস-এর সঙ্গে আলাপকালে তিনি শঙ্কা প্রকাশ করে বলেন, ‘এই ওয়াইনগুলোর অনেক মূল্য আছে এবং আমি জানি না কিভাবে তারা কারো নজরে না পড়েই সারা বিশ্বে এত ওয়াইন বিক্রি করে।’ তবে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রতি আস্থা রেখে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, টাস্কানের ক্যামেরাভর্তি রাস্তায় ট্রাক দুটি শনাক্ত করা সম্ভব হবে এবং কিছু বোতল উদ্ধার করা যাবে।
১৩৮৫ সালে প্রতিষ্ঠিত প্রাচীন এই পারিবারিক ওয়াইন কম্পানিটি বিশ্বের ১৭০টি দেশে পণ্য রপ্তানি করে। গত বছর তাদের মোট রাজস্ব ছিল ২৬৩ মিলিয়ন ইউরো (২২৩ মিলিয়ন পাউন্ড)। উল্লেখ্য, চলতি বছর ইতালিতে ওয়াইন চুরির হার বেশ বেড়েছে। এর আগে উত্তরাঞ্চলীয় পিডমন্ট অঞ্চলেও এমন বড় চুরির ঘটনা ঘটেছিল, যেখান থেকে লক্ষাধিক ইউরোর ওয়াইন চুরি হয়েছিল।