১১ অক্টোবর ২০২৬ , ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রবিবার, ১১ অক্টোবর ২০২৬

ট্রাম্পের নতুন প্রেস সেক্রেটারি হলেন ক্যাটি জাকারিয়া

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ১১-১০-২০২৬
ট্রাম্পের নতুন প্রেস সেক্রেটারি হলেন ক্যাটি জাকারিয়া ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারি হিসেবে ক্যাটি জাকারিয়াকে বেছে নিয়েছেন। রক্ষণশীল ধারার ভাষ্যকার জাকারিয়া এর আগে স্বল্প সময়ের জন্য যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগে কাজ করেছেন।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ট্রাম্প তার নিয়োগের ঘোষণা দেন। সেখানে তিনি জাকারিয়ার ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল, ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপে কাজ এবং ফক্স নিউজ ও নিউজম্যাক্সে নিয়মিত উপস্থিতির কথা তুলে ধরেন।

নিয়োগের জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে জাকারিয়া লিখেছেন, যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীর গুরুত্বপূর্ণ সময়ে প্রেসিডেন্ট ট্রাম্প ও মার্কিন জনগণের সেবা করার সুযোগ তার জীবনের অন্যতম বড় সম্মান। ফক্স নিউজকে শুক্রবার সন্ধ্যায় জাকারিয়া জানান, সোমবার থেকে তিনি নতুন দায়িত্ব শুরু করবেন। তবে হোয়াইট হাউসে প্রথম সংবাদ ব্রিফিং কবে হবে, তা জানাননি তিনি।

জাকারিয়া বলেন, ট্রাম্পের জন্য তার লড়াকু ভূমিকা প্রেসিডেন্টের ভালো লেগেছে। তার ভাষ্য অনুযায়ী, প্রেসিডেন্ট নিজেই তাকে ফোন করে এ দায়িত্বের প্রস্তাব দেন।

নতুন প্রেস সেক্রেটারি বাছাইয়ের আগে ট্রাম্প তার ঘনিষ্ঠ সহযোগী ও উপদেষ্টাদের সঙ্গে কথা বলেন। তাদের মধ্যে সাবেক প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটও ছিলেন। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে লেভিটের পরামর্শ নিয়েছিলেন ট্রাম্প বলে সংশ্লিষ্ট আলোচনার বিষয়ে অবগত এক ব্যক্তি জানিয়েছেন।

লেভিটও সামাজিক যোগাযোগমাধ্যমে জাকারিয়াকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, জাকারিয়ার প্রতি তার পূর্ণ সমর্থন রয়েছে এবং হোয়াইট হাউসের নতুন দলের সাফল্য কামনা করেন।

জাকারিয়া গত জুন থেকে ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ ও ট্রুথ সোশ্যালে জ্যেষ্ঠ যোগাযোগ উপদেষ্টা হিসেবে কাজ করছিলেন। এর আগে তিনি প্রায় দুই মাস যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগে জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া ট্রাম্পের নির্বাচনী প্রচারেও কাজ করেছেন তিনি।

২০০৬ সালে জর্জ ডব্লিউ বুশের প্রশাসনের সময় রিপাবলিকান ন্যাশনাল কমিটিতে ইন্টার্ন হিসেবে ওয়াশিংটনে তার কর্মজীবন শুরু হয়। পরে তিনি ট্রাম্প-সমর্থক রিচার্ড গ্রেনেলের প্রতিষ্ঠিত রক্ষণশীল সংগঠন ফিক্স ক্যালিফোর্নিয়ার আইন উপদেষ্টা হিসেবেও কাজ করেন।

ট্রাম্পের নতুন প্রেস সেক্রেটারি নিয়োগের সিদ্ধান্তটি দ্রুত নেওয়া হয়েছে। গত সপ্তাহেও জাকারিয়াকে এ পদের সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছিল না বলে সংশ্লিষ্ট এক ব্যক্তি জানিয়েছেন।

হোয়াইট হাউসের এক কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, নতুন প্রেস সেক্রেটারি খুঁজতে গিয়ে কয়েকজন পরিচিত ব্যক্তির নাম বিবেচনায় এলেও তাদের কেউ কেউ অতীতে ট্রাম্পের সমালোচনা করেছিলেন। এ কারণে প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া জটিল হয়ে পড়ে।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ