ছবিঃ সংগৃহীত
খেলাধুলা ডেস্ক: এক ম্যাচে ৫০১ রান। টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটারদের এমন দাপট দেখে খুশি হতে পারছেন না ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর। তার উদ্বেগ বোলারদের নিয়ে। ব্যাট ও বলের লড়াই যদি একতরফা হয়ে যায়, তাহলে ক্রিকেটের সৌন্দর্য কোথায়? রাঁচিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের হারের পর সেই প্রশ্নই তুলেছেন গম্ভীর। তার মতে, বোলারদের ক্যারিয়ারই এখন ঝুঁকির মুখে।
দ্বিতীয় টি-টোয়েন্টিতে আগে ব্যাট করে ২৪৯ রান তুলেছিল ভারত। জবাবে হোপ ও রাদারফোর্ডের বিধ্বংসী ব্যাটিংয়ে ৯ বল হাতে রেখেই ২৫২ রান করে ম্যাচ জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ। দুই দলের রান মিলিয়ে ৫০১। এমন রানবন্যার ম্যাচেও বোলারদের পারফরম্যান্স ছিল বিবর্ণ। কোনো দলের বোলারই ওভারপ্রতি ১০ রানের কম খরচ করতে পারেননি।
এর আগে ওয়ানডে ক্রিকেটেও রানবন্যা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন গম্ভীর। প্রায় ৮০০ রানের ম্যাচের পর তার মন্তব্য ছিল, ‘এটা ক্রিকেট নয়, শুধু ব্যাটিং।’ এবার টি-টোয়েন্টির রানের উৎসবের পরও একই সুরে কথা বলেছেন ভারতের কোচ।
ম্যাচ শেষে গম্ভীর বলেন, ‘আপনারা কি ব্যাট ও বলের মধ্যে ভালো প্রতিযোগিতা দেখতে চান না? আপনারা যা চান, আমরাও তা-ই চাই। শুধু চার-ছক্কা দেখতে চাইলে আমরাও সেটাই দেখব। কিন্তু আপনারা যদি সমানে-সমানে লড়াই চান, আমরাও তা-ই চাই। এই বোলাররা আমাদেরই। তারা দলে জায়গা করে নিতে অনেক পরিশ্রম করেছে। অথচ তাদের ক্যারিয়ার এখন ঝুঁকির মুখে। ব্যাট ও বলের লড়াই সমান হলে ক্রিকেট আরও ভালো হবে।’
রাঁচির ব্যাটিং-সহায়ক উইকেটের সঙ্গে শিশিরও বোলারদের কাজ কঠিন করে তুলেছিল। তবে পরিস্থিতিকে হারের অজুহাত হিসেবে দাঁড় করাতে রাজি নন গম্ভীর। তার মতে, বিশ্বচ্যাম্পিয়ন দল হিসেবে ভারতের দায়িত্ব নিজেদের ভুল খুঁজে বের করা এবং সেখান থেকে শিক্ষা নেওয়া।
গম্ভীর বলেন, ‘আমরা এই হারকে হালকাভাবে নিচ্ছি না। উন্নতি করতে হলে ভুলগুলো ধামাচাপা দেওয়া যাবে না। আমরা বিশ্বচ্যাম্পিয়ন দল এবং ধারাবাহিকভাবে নিজেদের উন্নত করতে চাই। শিশিরের মধ্যে ব্যাটিং-সহায়ক উইকেটে বল করা কঠিন, এটা ঠিক। কিন্তু শুরুতে আমরা উইকেট পেয়েছিলাম।