ছবিঃ সংগৃহীত
প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা স্থগিত করায় ক্ষোভে ফেটে পড়েছেন চাকরিপ্রত্যাশীরা। শনিবার (১০ অক্টোবর) পরীক্ষা শুরুর ঠিক আগে স্থগিতের ঘোষণা আসার পর রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করেন পরীক্ষার্থীরা। হঠাৎ পরীক্ষা বন্ধ হওয়ায় ভোগান্তিতে পড়েছেন দেশের বিভিন্ন স্থান থেকে আসা প্রার্থীরা। তাঁদের অভিযোগ, সামাজিক যোগাযোগমাধ্যমে আগেই পরীক্ষার প্রশ্ন ছড়িয়ে পড়েছিল।
শনিবার সকাল ১১টায় পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। রাজধানীর ইডেন মহিলা কলেজসহ বিভিন্ন কেন্দ্রে পরীক্ষার্থীরা উপস্থিত হলেও নির্ধারিত সময়ে পরীক্ষা শুরু হয়নি। ইডেন মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষা দিতে আসা এক প্রার্থী জানান, নিয়ম অনুযায়ী পরীক্ষা শুরুর ১৫ মিনিট আগে প্রশ্নপত্র দেওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা আসেননি। সময় পেরিয়ে যাওয়ায় পরীক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও বিভ্রান্তি তৈরি হয়। পরে তাঁরা কক্ষ থেকে বেরিয়ে এলে কর্মকর্তারা এসে পরীক্ষা স্থগিতের কথা জানান।
পরীক্ষার্থীদের অভিযোগ, পরীক্ষা শুরুর আগেই ফেসবুকে যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের প্রশ্ন বলে কিছু প্রশ্ন ছড়িয়ে পড়ে। পরীক্ষা স্থগিতের পর তাঁদের সন্দেহ আরও বেড়েছে। তাঁদের দাবি, প্রশ্নফাঁসের অভিযোগের যথাযথ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
এক পরীক্ষার্থী বলেন, পরীক্ষা স্থগিতের বিষয়ে আগের দিন কোনো ঘোষণা দেওয়া হয়নি। ফলে অনেক প্রার্থীকে ঢাকায় আসতে যাতায়াত ও আবাসনের জন্য দুই থেকে তিন হাজার টাকা পর্যন্ত ব্যয় করতে হয়েছে। কেউ হোটেলে, আবার কেউ আত্মীয়স্বজনের বাসায় থেকেছেন। শেষ মুহূর্তে পরীক্ষা স্থগিত হওয়ায় তাঁদের আর্থিক ক্ষতির পাশাপাশি চরম ভোগান্তিতে পড়তে হয়েছে।
পরীক্ষার্থীদের আরও অভিযোগ, যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় বারবার প্রশ্নফাঁসের ঘটনা ঘটছে। এ ধরনের অনিয়মের প্রতিকার এবং ভবিষ্যতে স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা আয়োজনের দাবিতে তাঁরা আন্দোলনে নেমেছেন।
২৪২টি পদের বিপরীতে এই নিয়োগ পরীক্ষায় সারা দেশ থেকে তিন লাখেরও বেশি প্রার্থীর অংশ নেওয়ার কথা ছিল। এ জন্য রাজধানীর প্রায় ১০০টি কেন্দ্রে পরীক্ষা আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছিল। কিন্তু পরীক্ষা শুরুর আগমুহূর্তে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পরীক্ষা স্থগিত হওয়ায় পুরো নিয়োগ প্রক্রিয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।