ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ও শিশু পার্ক প্রতিষ্ঠার উদ্যোগ
‘ময়মনসিংহকে আর অবহেলিত দেখতে চাই না’: পর্যটনমন্ত্রী
সংগৃহীত ছবি
মাসুদ রানা, ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর, ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর এবং শিশু পার্ক প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সংসদ সদস্য, প্রশাসন ও সংশ্লিষ্ট সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, “ময়মনসিংহ বিভাগকে অবহেলিত বিভাগ হিসেবে দেখতে চাই না।”
রোববার (১১ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ নগরীর সারিন্দা সবারি রিসোর্টে ময়মনসিংহ সিটি কর্পোরেশন আয়োজিত ‘সৃষ্টি সুখের উল্লাসে’ এসএসসি-২০২৬-এ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ঢাকার অদূরে ময়মনসিংহের ত্রিশাল এলাকায় আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের সম্ভাবনা যাচাইয়ে দ্রুত সমীক্ষা চালানোর উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের বিষয়েও কাজ করা হবে। প্রয়োজনে এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নিজে কথা বলবেন বলেও জানান তিনি।
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে পর্যটনমন্ত্রী বলেন, এ অঞ্চলের সম্ভাবনাকে কাজে লাগাতে সবাইকে সমন্বিতভাবে এগিয়ে আসতে হবে। নেত্রকোনার বিরিশিরিকে জাতীয় পর্যায়ের পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে, যাতে দেশ-বিদেশের পর্যটকেরা সেখানে ভ্রমণে আকৃষ্ট হন। একই সঙ্গে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উন্নয়নকাজ এগিয়ে নেওয়া এবং বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করার ওপর গুরুত্ব দেন তিনি। কৃতী শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, সংবর্ধনা শুধু অর্জনের স্বীকৃতি নয়, বরং ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জনের অনুপ্রেরণা। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশকে সমৃদ্ধ করবে। তাই নিজেদের সাফল্যের পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা গড়ে তুলতে হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার মান উন্নয়ন এবং প্রত্যন্ত অঞ্চলের বঞ্চিত শিক্ষার্থীদের এগিয়ে নেওয়ার পরিকল্পনা নিয়ে কাজ করছেন। নির্বাচনি ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। এ জন্য সবার সহযোগিতা প্রয়োজন। শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থেকে পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে তিনি শৃঙ্খলা বজায় রেখে নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার পরামর্শ দেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণের পরিকল্পনা তুলে ধরে এম. রশিদুজ্জামান মিল্লাত বলেন, ৩৫টি উড়োজাহাজ কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, ২০৩১ সাল থেকে ২০৩৬-৩৭ সালের মধ্যে পর্যায়ক্রমে এসব উড়োজাহাজ বহরে যুক্ত হবে। বর্তমান বহরের বেশির ভাগ উড়োজাহাজের পরিচালন মেয়াদ শেষ হওয়ার বিষয়টি বিবেচনায় রেখেই দীর্ঘমেয়াদি এ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, নিউইয়র্ক, সিডনি, দক্ষিণ কোরিয়া ও চীনের মতো গন্তব্যে সরাসরি ফ্লাইট চালুর সুযোগ রয়েছে। আন্তর্জাতিক যোগাযোগ বাড়াতে এসব বিষয়ে কাজ করতে হবে।
আসন্ন শারদীয় দুর্গাপূজা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ধর্ম যার যার, দেশ সবার। পূজায় কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে তাঁর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে।অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, কৃতী শিক্ষার্থীরাই বাংলাদেশের ভবিষ্যৎ। তাঁদের চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশায় দক্ষ হয়ে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে হবে। মেধা ও যোগ্যতার ভিত্তিতে এগিয়ে গিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মুখ উজ্জ্বল করার আহ্বান জানান তিনি। ময়মনসিংহের উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে নগরীতে একটি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে। সেখানে সাংবাদিকদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধার পাশাপাশি আধুনিক সিনেপ্লেক্স ও বিনোদনের ব্যবস্থা থাকবে। শিক্ষার্থীসহ নগরবাসী এসব সুবিধা ভোগ করতে পারবেন।
দেশের ৬৪টি জেলায় এ ধরনের তথ্য কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনার কথাও জানান তিনি। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জাকির হোসেন, ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ এবং ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার। এ সময় সিটি করপোরেশনের কর্মকর্তা, সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, গণমাধ্যমকর্মী, শিক্ষক, অভিভাবক ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
কমেন্ট বক্স