১৩ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

এনসিটি ইজারা চুক্তি বাতিলের দাবিতে চট্টগ্রাম বন্দরে গণঅনশন

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ১৩-১০-২০২৬
এনসিটি ইজারা চুক্তি বাতিলের দাবিতে চট্টগ্রাম বন্দরে গণঅনশন ছবিঃ সংগৃহীত

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে করা ইজারা চুক্তি বাতিল এবং শ্রমিক-কর্মচারীদের চাকরির নিশ্চয়তাসহ মৌলিক দাবি পূরণের দাবিতে গণঅনশন করছেন চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের নেতাকর্মীরা। দাবি পূরণে সরকার উদ্যোগ না নিলে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

সোমবার বেলা সাড়ে ১১টা থেকে বন্দরের ওয়ানস্টপ সার্ভিস ভবনের সামনে এ কর্মসূচি শুরু হয়। বিকেল চারটা পর্যন্ত গণঅনশন চলার কথা রয়েছে। এ সময় আন্দোলনকারীদের ‘আমার বন্দর আমার মা, বিদেশিদের দেব না’ এবং ‘গো ব্যাক, গো ব্যাক, ডিপি ওয়ার্ল্ড, ডিপি ওয়ার্ল্ড’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল ও বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. হুমায়ুন কবীর বলেন, গোপন চুক্তি বাতিলের দাবিতে তাঁরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন। কিন্তু তাঁদের দাবি উপেক্ষা করে সরকার জোর করে চুক্তি করেছে বলে অভিযোগ করেন তিনি। এই চুক্তি বাতিলের দাবি জানান তিনি। আন্দোলনকারী নেতা ইব্রাহিম খোকন বলেন, গণঅনশনে সর্বস্তরের মানুষ অংশ নিচ্ছেন। বন্দরের শ্রমিক-কর্মচারীরাও কাজ বন্ধ রেখে কর্মসূচিতে যোগ দিয়েছেন। তাঁরা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাবেন। দাবি পূরণ না হলে গণঅনশন থেকে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তিনি। আন্দোলনকারীরা জানান, গত ৮ অক্টোবর চুক্তি স্বাক্ষরের দিন তাঁরা বিক্ষোভ মিছিল করে সরকারকে আলোচনার উদ্যোগ নেওয়ার জন্য দুই দিন সময় দিয়েছিলেন। তবে এ সময়ের মধ্যে আলোচনার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এ কারণে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে তাঁরা গণঅনশনে বসেছেন।

গত ৮ অক্টোবর ঢাকার আগারগাঁওয়ে ইনভেস্ট বাংলাদেশ মিলনায়তনে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে এনসিটি পরিচালনার জন্য ১৫ বছর মেয়াদি কনসেশন চুক্তি সই হয়। চুক্তিতে ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যান এইচ ই ইসা কারিম এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান সই করেন।

চুক্তি অনুযায়ী, আগামী ছয় মাসের মধ্যে এনসিটির দায়িত্ব পুরোপুরি বুঝে নিয়ে পরিচালন কার্যক্রম শুরু করার কথা রয়েছে ডিপি ওয়ার্ল্ডের। এই চুক্তি বাতিল এবং শ্রমিক-কর্মচারীদের চাকরির নিশ্চয়তাসহ বিভিন্ন দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের নেতারা।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ