ছবিঃ সংগৃহীত
সাভারের আশুলিয়ায় গৃহকর্মীর হেফাজতে থাকা অবস্থায় নিখোঁজ হওয়ার এক মাসের বেশি সময় পর দুই বছরের শিশু মীম আক্তারকে টাঙ্গাইলের ঘাটাইল থেকে জীবিত উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ ঘটনায় অভিযুক্ত গৃহকর্মী মোছা. বেলী বেগমকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন এসআরবি-৪, সিপিসি-২-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এস এম রেজাউল হক। তিনি জানান, সোমবার রাতে ঘাটাইল থানার খালপাকুটিয়া দেওলাবাড়ি এলাকায় এসআরবি-৪ ও এসআরবি-১৪-এর যৌথ দল অভিযান চালিয়ে বেলী বেগমকে গ্রেপ্তার করে। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে শিশুটিকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
মামলার এজাহার ও এসআরবির তথ্য অনুযায়ী, শিশু মীমের পরিবার আশুলিয়া থানার পলাশবাড়ী বটতলা এলাকায় ভাড়া বাসায় বসবাস করে। শিশুটির মা রাবেয়া আক্তার একটি পোশাক কারখানায় কাজ করেন। কর্মস্থলে থাকাকালে মেয়েকে দেখাশোনার জন্য গত ১ সেপ্টেম্বর বেলী বেগমকে গৃহকর্মী হিসেবে নিয়োগ দেন তিনি।
গত ৮ সেপ্টেম্বর দুপুর পৌনে একটার দিকে শিশুটিকে বেলীর কাছে রেখে পরিবারের সদস্যরা কাজে যান। রাতে প্রায় ১০টার দিকে বাসায় ফিরে তাঁরা দেখেন, শিশু মীম ও গৃহকর্মী কেউই বাসায় নেই। আত্মীয়স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁদের সন্ধান না পেয়ে শিশুটির মা আশুলিয়া থানায় মামলা করেন।