ছবিঃ সংগৃহীত
বরিশালের বর্ষার শেষ হলেও নদ-নদীতে অব্যাহত ভাঙনে দ্রুত বদলে যাচ্ছে এ অঞ্চলের ভূপ্রকৃতি ও জনপদের চিত্র। মেঘনা, কালাবদর, তেঁতুলিয়া, সন্ধ্যা, সুগন্ধা, কীর্তনখোলা, পান্ডব ও আড়িয়াল খাঁসহ বিভিন্ন নদীর ভাঙনে একের পর এক বসতবাড়ি, বাজার, সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় স্থাপনা ও ফসলি জমি বিলীন হচ্ছে।
বরিশালের বর্ষার শেষ হলেও নদ-নদীতে অব্যাহত ভাঙনে দ্রুত বদলে যাচ্ছে এ অঞ্চলের ভূপ্রকৃতি ও জনপদের চিত্র। মেঘনা, কালাবদর, তেঁতুলিয়া, সন্ধ্যা, সুগন্ধা, কীর্তনখোলা, পান্ডব ও আড়িয়াল খাঁসহ বিভিন্ন নদীর ভাঙনে একের পর এক বসতবাড়ি, বাজার, সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় স্থাপনা ও ফসলি জমি বিলীন হচ্ছে। কোথাও বসতঘর সরিয়ে নেওয়ার আগেই তা নদীতে তলিয়ে যাচ্ছে, আবার কোথাও গুরুত্বপূর্ণ স্থাপনা চলে এসেছে ভাঙনের একেবারে কিনারে।
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় নদীভাঙনের পরিস্থিতি বর্তমানে সবচেয়ে ভয়াবহ আকার ধারণ করেছে। মেঘনা, কালাবদর ও তেঁতুলিয়া নদীতীরবর্তী এ উপজেলার চরগোপালপুর ও আলিমাবাদ ইউনিয়নে সাম্প্রতিক সময়ে মাত্র ১০ দিনের ব্যবধানে ৮০টি বসতঘর নদীগর্ভে বিলীন হয়েছে। একই সময়ে একটি বাজারের প্রায় ৪০টি ব্যবসাপ্রতিষ্ঠানও নদীগর্ভে চলে গেছে। এছাড়া উপজেলার গোবিন্দপুর, চর মিঠুয়া, দড়িরচর খাজুরিয়া, আদর্শ নগর, আন্দারমানিক, জাঙ্গালিয়া ও দক্ষিণ উলানিয়া এলাকায় ভাঙন আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
শুধু মেহেন্দিগঞ্জ নয়, বাবুগঞ্জ উপজেলাতেও সন্ধ্যা, সুগন্ধা ও আড়িয়াল খাঁ নদীর ভাঙনে বিপর্যস্ত জনজীবন। এসব নদীর তীব্র স্রোতে সড়ক, বেড়িবাঁধ, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, কবরস্থান ও শতাধিক বসতঘর নদীগর্ভে বিলীন হয়েছে। বিশেষ করে বাবুগঞ্জের ক্ষুদ্রকাঠী গ্রামের নদী ভাঙন বরিশাল এয়ারপোর্টের দক্ষিণ পাশের নিরাপত্তা ওয়ালের প্রায় ছয়শ মিটারের কাছাকাছি চলে এসেছে। অন্যদিকে সদর উপজেলার চরবাড়ীয়া, চরমোনাই ও শায়েস্তাবাদ ইউনিয়নেও ভাঙন অব্যাহত রয়েছে। গত দেড় দশকে চরবাড়ীয়া ইউনিয়নের লামচরী গ্রামের কয়েকশ পরিবার তাদের বসতভিটা সম্পূর্ণ হারিয়েছে।
নদীভাঙন অনেক সময় এতটাই আকস্মিক ও দ্রুত ঘটে যে বাসিন্দারা জিনিসপত্র সরিয়ে নেওয়ারও সুযোগ পান না। বিশেষ করে রাতের আঁধারে ভাঙন শুরু হলে বিপদের মাত্রা বহুগুণ বেড়ে যায়। মুলাদী উপজেলার কৃষক আবুল ফজল জানান, ভোররাতে টের না পেলে হয়তো পরিবারের সবাইকেই প্রাণ হারাতে হতো। রাতে হঠাৎ ভাঙন শুরু হওয়ায় চোখের সামনে নিজের ভিটেমাটি হারিয়েছেন তিনি।