ছবিঃ সংগৃহীত
নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং সমাজে প্রচলিত নেতিবাচক জেন্ডারভিত্তিক ধারণা দূর করতে বাগেরহাটে অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে। এতে নারী ও কিশোরীদের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, সামাজিক সংগঠন এবং তরুণদের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বাগেরহাট শহরের হোটেল ধানসিঁড়িতে ‘সমতায় তারুণ্য: ইয়ুথ ফর ইক্যুয়ালিটি’ প্রকল্পের আওতায় এ সংলাপ অনুষ্ঠিত হয়। জাগো ফাউন্ডেশন ট্রাস্ট ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় এর আয়োজন করে অভিযান যুব সংগঠন।
সংগঠনটির সভাপতি সুমিত ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, সরকারি বিভিন্ন দপ্তর, সুশীল সমাজ, শিক্ষক, সাংবাদিক, ধর্মীয় নেতা, নারী উদ্যোক্তা ও যুব প্রতিনিধিরা অংশ নেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মফিজুর রহমান, বাগেরহাট প্রেস ক্লাবের সহসভাপতি এসএম রাজ, বাগেরহাট ইমাম সমিতির সহসভাপতি মো. মোবারক হুসাইন, বাসাবাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশিদা রহমান জুঁই, জাগো ফাউন্ডেশনের টিম মেম্বার তাবাসসুম ফেরদৌসি এবং সাংবাদিক সৈয়দ শওকত হোসেন ও কামরুজ্জামান শিমুল। এ ছাড়া যুব উন্নয়ন অধিদপ্তর, মহিলা বিষয়ক অধিদপ্তর ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন লামিয়া আক্তার ইভা। অভিযানের সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম ও অর্থ সম্পাদক দীপ্ত দে অনুষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন। এ সময় শুভজিৎ সাহা, দেবাশীষ দে, সিমা আক্তার, সাব্বির খানসহ সংগঠনের অন্য সদস্যরা অংশ নেন।
আলোচনায় সমাজে প্রচলিত নেতিবাচক জেন্ডারভিত্তিক ধারণা, কুসংস্কার, নারী-পুরুষের বৈষম্য ও বাল্যবিবাহ প্রতিরোধে সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। বক্তারা বলেন, জেন্ডার সমতা প্রতিষ্ঠায় সামাজিক সচেতনতা বাড়ানো, ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা এবং সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে কার্যকর সমন্বয় জরুরি। এ ক্ষেত্রে তরুণদের সক্রিয় অংশগ্রহণ সমাজে বিদ্যমান বৈষম্য ও নেতিবাচক দৃষ্টিভঙ্গি পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।