ছবিঃ সংগৃহীত
ইন্দোনেশিয়ার বাতাম দ্বীপে পানির সংকট তীব্র হওয়ায় ডেটা সেন্টারগুলোর বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে স্থানীয় বাসিন্দাদের। তাঁদের অভিযোগ, দ্বীপটিতে একের পর এক ডেটা সেন্টার গড়ে ওঠায় পানির চাহিদা বেড়েছে। ফলে আবাসিক এলাকায় নিয়মিত পানি পাওয়া যাচ্ছে না, অথচ ডেটা সেন্টারগুলোতে যন্ত্রপাতি ঠান্ডা রাখতে পর্যাপ্ত পানি ব্যবহার করা হচ্ছে।
সম্প্রতি প্রায় ৩০০ বাসিন্দা খালি প্লাস্টিকের বোতল ও পানির পাত্র হাতে নিয়ে নংসা ডিজিটাল পার্কের একটি ডেটা সেন্টার প্রাঙ্গণে বিক্ষোভ করেন। তাঁদের অভিযোগ, বাসাবাড়ির কল দিয়ে পানি আসছে না, অথচ ডেটা সেন্টারগুলোতে পানির ব্যবহার অব্যাহত রয়েছে। বিক্ষোভকারী দেওয়ি সুসান্তি বিবিসিকে বলেন, গত তিন মাস ধরে তাঁদের বাড়ির কল দিয়ে এক ফোঁটা পানিও আসেনি। ডেটা সেন্টার স্থাপনের আগে পানির সরবরাহ নির্ভরযোগ্য ছিল বলেও দাবি করেন তিনি।
বাতাম দ্বীপের পানি সরবরাহকারী সংস্থা বিবিসিকে জানিয়েছে, সরবরাহ পরিস্থিতির উন্নয়নে কাজ চলছে। তবে ডেটা সেন্টারগুলোর পানির চাহিদার কারণে সরবরাহে বিঘ্ন ঘটছে কি না, সে বিষয়ে কোনো মন্তব্য করেনি সংস্থাটি। অন্যদিকে দ্বীপটির বাণিজ্য ও শিল্প খাত তদারকির দায়িত্বে থাকা সংস্থা বিপি বাতাম পানির সংকটের জন্য দীর্ঘদিনের অনাবৃষ্টিকে দায়ী করেছে। বাসিন্দাদের জন্য বরাদ্দ পানি ডেটা সেন্টারগুলোতে সরিয়ে নেওয়ার অভিযোগও অস্বীকার করেছে তারা।
বাতামে পানির সংকট নিয়ে এ ধরনের বিক্ষোভ এবারই প্রথম নয়। দ্বীপটির জলাধারগুলোর পানির স্তর কমে যাওয়ায় পরিস্থিতি আরও নাজুক হয়ে উঠেছে। এর মধ্যেই দ্বীপটিকে ডিজিটাল প্রযুক্তির কেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ চলছে।