ছবিঃ সংগৃহীত
ফিলিপাইনের ভাইস প্রেসিডেন্ট সারা দুতার্তের বিরুদ্ধে আনা চারটি অভিযোগের মধ্যে তিনটি প্রত্যাহারের অনুমতি দিয়েছে দেশটির সিনেট। মঙ্গলবার অভিশংসন আদালত হিসেবে দায়িত্ব পালন করা সিনেট এ সিদ্ধান্ত নেয়।
এখন তার বিরুদ্ধে আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগটি বহাল থাকছে।
রয়টার্স জানায়, এই বিচারপ্রক্রিয়ার কারণে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে দুতার্তের প্রার্থী হওয়ার পথ বন্ধ হয়ে যেতে পারে।
জুলাই থেকে দুতার্তের বিরুদ্ধে আনা অভিযোগের পক্ষে আদালতে প্রমাণ তুলে ধরছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা । তার বিরুদ্ধে জনসাধারণের আস্থার সঙ্গে বিশ্বাসঘাতকতা, সংবিধান লঙ্ঘন, দুর্নীতি, ঘুষ এবং অন্যান্য গুরুতর অপরাধের অভিযোগ আনা হয়েছিল।
মঙ্গলবার প্রধান রাষ্ট্রপক্ষের আইনজীবী গারভিল লুইস্ত্রো আদালতকে বলেন, তারা চারটি অভিযোগের মধ্যে তিনটি প্রত্যাহার করতে চান। তার দাবি, দুতার্তেকে পদ থেকে সরানোর জন্য ইতিমধ্যে যে প্রমাণ তুলে ধরা হয়েছে, তা যথেষ্ট শক্তিশালী ও বিশ্বাসযোগ্য। প্রত্যাহার করা অভিযোগগুলোর মধ্যে রয়েছে গোপন সরকারি তহবিলের অপব্যবহার, ঘুষ এবং প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র, ফার্স্ট লেডি ও পার্লামেন্টের নিম্নকক্ষের সাবেক স্পিকারকে হুমকি দেওয়ার অভিযোগ।
লুইস্ত্রো বলেন, একটি অভিযোগের ওপর মনোযোগ দিলে বিচারপ্রক্রিয়া সহজ হবে।
এতে সিনেট, অভিযুক্ত ব্যক্তি এবং সাধারণ মানুষ—সবারই সুবিধা হবে। এ বিষয়ে মন্তব্য জানতে চাওয়া হলে সারা দুতার্তের দপ্তর তাৎক্ষণিকভাবে কোনো জবাব দেয়নি।