ছবিঃ সংগৃহীত
হলিউডের জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ ওয়াল্টার হোয়াইট জুনিয়র চরিত্রে অভিনয় করে পরিচিতি পাওয়া মার্কিন অভিনেতা আরজে মিটে মারা গেছেন। ৩৪ বছর বয়সী এই অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর প্রতিনিধিরা। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ব্রাউনসভিলে তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুর কারণ আত্মহত্যা বলে জানানো হয়েছে।
২০০৮ সালে প্রচার শুরু হওয়া ‘ব্রেকিং ব্যাড’-এর পাঁচটি মৌসুমেই অভিনয় করেছেন মিটে। সিরিজটিতে ব্রায়ান ক্র্যানস্টন অভিনীত ওয়াল্টার হোয়াইটের ছেলের ভূমিকায় দেখা যায় তাঁকে। চরিত্রটির মাধ্যমে দর্শকদের কাছে বিশেষ পরিচিতি পান তিনি। ভিন্স গিলিগানের নির্মিত সিরিজটি টেলিভিশনের অন্যতম প্রশংসিত অপরাধনির্ভর নাটক হিসেবে পরিচিত।
বাস্তব জীবনেও চরিত্রটির মতো সেরিব্রাল পালসিতে আক্রান্ত ছিলেন মিটে। শারীরিক প্রতিবন্ধকতাকে অভিনয়ের পথে বাধা হতে দেননি তিনি। বরং নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে পর্দায় প্রতিবন্ধী মানুষের জীবন ও বাস্তবতা তুলে ধরেছেন। বিনোদনজগতে প্রতিবন্ধী মানুষের প্রতিনিধিত্ব বাড়ানো এবং তাঁদের সম্পর্কে প্রচলিত নেতিবাচক ধারণা বদলাতে কাজ করেছেন এই অভিনেতা। মিসিসিপি অঙ্গরাজ্যের জ্যাকসনে জন্ম মিটের। জন্মের সময় মস্তিষ্কে ক্ষতি হওয়ায় তাঁর শারীরিক জটিলতা দেখা দেয়। তিন বছর বয়সে তাঁর সেরিব্রাল পালসি শনাক্ত হয়। পরে দত্তক পরিবারে বেড়ে ওঠেন তিনি।
‘ব্রেকিং ব্যাড’-এর বাইরে আরও বেশ কয়েকটি সিনেমা ও টেলিভিশন সিরিজে অভিনয় করেছেন মিটে। তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘সুইচড অ্যাট বার্থ’, ‘দ্য রিকল’, ‘দ্য ওক রুম’ এবং নেটফ্লিক্সের সুপারহিরোভিত্তিক সিরিজ ‘দ্য গার্ডিয়ানস অব জাস্টিস’।
অভিনয়ের পাশাপাশি প্রতিবন্ধী মানুষের অধিকার প্রতিষ্ঠায়ও সক্রিয় ছিলেন মিটে। ইউনাইটেড সেরিব্রাল পালসি ও শ্রাইনার্স চিলড্রেনসের দূত হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। নিজের দাতব্য সংস্থা মিটে ফাউন্ডেশনের মাধ্যমেও বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগে যুক্ত ছিলেন। বিনোদনজগতে প্রতিবন্ধী মানুষের অংশগ্রহণ বাড়ানো ছিল তাঁর কাজের অন্যতম লক্ষ্য।
মৃত্যুর আগে নতুন সিনেমা ‘টকিং টু স্ট্রেঞ্জার্স’-এর প্রচার নিয়ে ব্যস্ত ছিলেন এই অভিনেতা। ছবিটিতে সেরিব্রাল পালসিতে আক্রান্ত এক ব্যক্তির চরিত্রে অভিনয় করেছেন তিনি। সেপ্টেম্বরের শেষ দিকে সিনেমাটির প্রদর্শনীতেও অংশ নেন মিটে। অক্টোবরের শুরুতে নিউ মেক্সিকোর আলবুকার্কে একটি অনুষ্ঠানে দেখা যায় তাঁকে।