ছবিঃ সংগৃহীত
স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ‘অপারেশন ক্লিনহার্ট’-এর মতো কোনো অভিযান চালানোর পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে অপরাধ দমনে সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে উল্লেখ করে তিনি বলেন, অপরাধীদের গ্রেপ্তার বা পালিয়ে যেতে কেউ সহায়তা করলে তাঁর বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার দুপুরে চট্টগ্রাম নগরের দামপাড়া পুলিশ লাইন্সে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষায়িত ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব এবং সাইবার পুলিশ সেন্টার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ এবং বিভিন্ন ষড়যন্ত্রের আলোচনা প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নানা ষড়যন্ত্রের কথা গণমাধ্যমে আসছে। এসব বিষয়ে সরকারের দায়িত্ব রয়েছে। তবে এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।
অপরাধ দমনে দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা নতুন নয় উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে কখনো কখনো পুলিশ সদস্যদের হামলার শিকার হতে হয়। এ ধরনের পরিস্থিতি মোকাবিলা করেও অপরাধ দমনে সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। অপরাধীদের গ্রেপ্তারে বাধা দেওয়া কিংবা তাঁদের পালিয়ে যেতে সহায়তা করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে।
এদিকে চট্টগ্রামে সিআইডির বিশেষায়িত ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব চালুর ফলে সাইবার অপরাধ তদন্তে স্থানীয় পর্যায়ে প্রযুক্তিগত সক্ষমতা বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। এত দিন চট্টগ্রাম অঞ্চলে সাইবার অপরাধের তদন্তে ডিজিটাল আলামত পরীক্ষা ও বিশ্লেষণের জন্য কর্মকর্তাদের ঢাকার ওপর নির্ভর করতে হতো। নতুন ল্যাব চালু হওয়ায় সেই নির্ভরতা কমবে।
অনলাইন প্রতারণা, সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া পরিচয়ে অপরাধ এবং অ্যাকাউন্ট হ্যাকিংয়ের মতো ঘটনায় ডিজিটাল আলামত সংগ্রহ, সংরক্ষণ ও বিশ্লেষণ গুরুত্বপূর্ণ। নতুন ল্যাবের মাধ্যমে এসব অপরাধের তদন্তে প্রযুক্তিগত সহায়তা আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে। একই অনুষ্ঠানে সাইবার পুলিশ সেন্টারেরও উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এর আগে বুধবার সকালে চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছালে সালাহউদ্দিন আহমদকে স্বাগত জানান চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, স্থানীয় সংসদ সদস্য ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে তিনি দামপাড়া পুলিশ লাইন্সে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন।