১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

দিল্লিতে বিক্ষোভের ঘটনায় সিজেপির দুই নেতার কারাবাস

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ১৫-১০-২০২৬
দিল্লিতে বিক্ষোভের ঘটনায় সিজেপির দুই নেতার কারাবাস ছবিঃ সংগৃহীত

দিল্লির যন্তর মন্তরে প্রবেশ করে বিক্ষোভের অভিযোগে ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়েছেন আদালত। তাঁদের সঙ্গে আটক দলের আরেক নেতা অজিনক্য শিন্ডের বিরুদ্ধেও সরকারি কাজে বাধা দেওয়া ও বন্ডের শর্ত লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। বুধবার এনডিটিভি অনলাইন এ তথ্য জানিয়েছে।

স্থানীয় সময় বুধবার সকাল ৮টার দিকে দিল্লির মন্দির মার্গের এক ম্যাজিস্ট্রেটের আদালতে তিন নেতাকে হাজির করা হয়। পরে সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান। একই সঙ্গে সরকারের বিরুদ্ধে ভিন্নমত দমনের অভিযোগ তুলে আদালতের এ পদক্ষেপের সমালোচনা করেন তিনি।

দিল্লি পুলিশের অভিযোগ, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা আবারও ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) ১৬৩ ধারা লঙ্ঘন করেছেন। একই ধরনের ঘটনায় বারবার জড়িত হওয়ায় তাঁরা আগে দেওয়া মুচলেকার শর্ত ভঙ্গ করেছেন বলেও অভিযোগ পুলিশের। এসব বিষয় বিবেচনায় নিয়ে আদালত তাঁদের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে ৫০ হাজার রুপির বন্ড জমা দিয়ে এবং এক বছরের মধ্যে শান্তিভঙ্গের কোনো ঘটনায় জড়িত না থাকার মুচলেকা দিয়ে মুক্তি পেয়েছিলেন তাঁরা। এবার তাঁদের বিরুদ্ধে অনধিকার প্রবেশ ও বন্ডের শর্ত লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। পুলিশ তাঁদের পুনরাবৃত্ত অপরাধে জড়িত ব্যক্তি হিসেবে বিবেচনা করছে।

মঙ্গলবার সকালে পুলিশি ব্যারিকেড অতিক্রম করে যন্তর মন্তরে প্রবেশ করেন শিন্ডে, দাস ও রাঙ্কা। এ সময় প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে স্লোগান দিলে তাঁদের আটক করা হয়।

এদিকে, সিজেপির আইনি দলের প্রধান রত্না সিং এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছেন, অজিনক্য শিন্ডেকে ব্যক্তিগত মুচলেকার বিনিময়ে মুক্তি দেওয়া হয়েছে।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ