১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

পছন্দের গল্পের অপেক্ষায় ম্রুণাল ঠাকুর

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ১৫-১০-২০২৬
পছন্দের গল্পের অপেক্ষায় ম্রুণাল ঠাকুর ছবিঃ সংগৃহীত

নতুন সিনেমায় অভিনয়ের ক্ষেত্রে এখন আর তাড়াহুড়ো করতে চান না বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুর। অর্থবহ গল্প ও পছন্দের চরিত্রের অপেক্ষায় গত প্রায় ৯ মাস ধরে নতুন কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হননি তিনি। এর মধ্যেই পরিচালক আটলির আসন্ন সিনেমা ‘রাকা’তে তার অভিনয়ের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। তবে এ বিষয়ে এখনো মুখ খোলেননি অভিনেত্রী। ‘মিড-ডে’কে দেওয়া এক সাক্ষাৎকারে ম্রুণাল জানান, কাজের অভাবে নয়, বরং পছন্দসই গল্প না পাওয়ায় নতুন সিনেমা থেকে বিরতি নিয়েছেন তিনি। এ সময়ে অনেক প্রস্তাব পেলেও সেগুলোর গল্প বা চরিত্রের সঙ্গে নিজেকে মেলাতে পারেননি। তাই শুধু ব্যস্ত থাকার জন্য কোনো সিনেমায় কাজ করতে চান না তিনি।

বর্তমানে নিজের নতুন সিনেমা ‘পূজা মেরি জান’-এর প্রচারে ব্যস্ত ম্রুণাল। তার মতে, একটি সিনেমার শুটিংয়ে প্রায় ১২০ দিন পর্যন্ত সময় দিতে হতে পারে। এতটা সময় বিনিয়োগ করার আগে চরিত্রটি থেকে সৃজনশীল তৃপ্তি পাওয়ার পাশাপাশি দর্শকদের মনে দাগ কাটার মতো কাজ করতে চান তিনি। সে কারণেই নতুন প্রকল্প বেছে নেওয়ার ক্ষেত্রে সময় নিচ্ছেন এই অভিনেত্রী। কবে আবার নতুন সিনেমায় দেখা যাবে, তা নিয়েও আগাম জল্পনা ছড়াতে চান না ম্রুণাল। পরবর্তী সিনেমার বিষয়ে বিস্তারিত তথ্য যথাসময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আনুষ্ঠানিকভাবে জানাবেন বলে জানিয়েছেন তিনি। ফলে ‘রাকা’তে তার অভিনয়ের গুঞ্জন থাকলেও বিষয়টি এখনো অনিশ্চিত।

এদিকে পরিচালক আটলির পরবর্তী বড় প্রকল্প ‘রাকা’ নিয়ে দর্শকদের আগ্রহ বাড়ছে। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করছেন দক্ষিণি তারকা আল্লু অর্জুন। আরও রয়েছেন দীপিকা পাড়ুকোন ও কীর্তি সুরেশ। এই সিনেমার মধ্য দিয়ে প্রথমবারের মতো আল্লু অর্জুনের সঙ্গে কাজ করছেন আটলি। আন্তর্জাতিক পরিসরে বড় বাজেটে নির্মিত হচ্ছে অ্যাকশনধর্মী সিনেমাটি।

পরিকল্পনা অনুযায়ী, ‘রাকা’ দুই পর্বে মুক্তি পেতে পারে। এর প্রথম পর্ব ২০২৭ সালে প্রেক্ষাগৃহে আসার সম্ভাবনা রয়েছে। সিনেমাটিকে ঘিরে আলোচনার মধ্যে সম্প্রতি আরও একটি খবর সামনে এসেছে। ৩৭ জন অভিনয়শিল্পীর পারফরম্যান্স একসঙ্গে মোশন ক্যাপচার প্রযুক্তিতে ধারণ করে বিশ্ব রেকর্ড গড়েছে সিনেমাটির নির্মাণসংশ্লিষ্ট দল।

সব মিলিয়ে ‘রাকা’ নিয়ে দর্শকদের কৌতূহল বাড়লেও এতে ম্রুণাল ঠাকুরের উপস্থিতি এখনো নিশ্চিত নয়। আপাতত পছন্দের গল্প ও অর্থবহ চরিত্রের অপেক্ষায় রয়েছেন অভিনেত্রী।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ