ময়মনসিংহে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উদযাপন
সংগৃহীত
মাসুদ রানা, ময়মনসিংহ ব্যুরো: দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপদ চলাচল, অধিকার ও সামাজিক মর্যাদা নিশ্চিত করার আহ্বানের মধ্য দিয়ে ময়মনসিংহে উদযাপিত হয়েছে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৬। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা এবং দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে ডিজিটাল সাদাছড়ি বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জেলা সমাজসেবা কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘দৃষ্টি যেখানে সীমিত, সম্ভাবনা সেখানে সীমাহীন’ প্রতিপাদ্যে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয়, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এবং কে. জামান বিএনএসবি চক্ষু হাসপাতাল, ময়মনসিংহের যৌথ উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক শামছুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মোঃ উজ্জ্বল হোসেন।
স্বাগত বক্তব্য দেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রাজু আহমেদ। প্রধান অতিথির বক্তব্যে মোঃ উজ্জ্বল হোসেন বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন এবং তাঁদের অধিকার ও মর্যাদা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা এ দিবসের অন্যতম উদ্দেশ্য। দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে পরিবার ও সমাজের সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।
সভাপতির বক্তব্যে শামছুন নাহার বলেন, সাদাছড়ি ব্যবহারকারীদের প্রতি অবহেলা না করে তাঁদের নিরাপদ চলাচলে সহযোগিতা করতে হবে। উপযুক্ত পরিবেশ, সহমর্মিতা ও প্রয়োজনীয় সহায়তা পেলে দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিরাও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন। এর আগে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে আলোচনা সভা শেষে দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের হাতে ডিজিটাল সাদাছড়ি তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয়, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এবং কে. জামান বিএনএসবি চক্ষু হাসপাতালের প্রতিনিধি, প্রতিবন্ধী ও দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তি, শিক্ষার্থী, অভিভাবক এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
কমেন্ট বক্স