১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

শ্রীপুরে শ্রমিক বিক্ষোভে রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ১৬-১০-২০২৬
শ্রীপুরে শ্রমিক বিক্ষোভে রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ছবিঃ সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে সেপ্টেম্বর মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সি স্টেজ (বিডি) লিমিটেডের পোশাক কারখানার শ্রমিকেরা। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশের ছোড়া রাবার বুলেটে অন্তত নয়জন শ্রমিক আহত হয়েছেন। তাঁদের মধ্যে গুরুতর আহত ছয়জনকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে শ্রীপুরের মুলাইদ গ্রামের এমসি বাজার এলাকায় মহাসড়ক অবরোধ করেন শ্রমিকেরা। সকাল সাড়ে ৯টা পর্যন্ত তাঁদের বিক্ষোভ চলে। পরে পুলিশ রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাঁদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা।

আহত শ্রমিকেরা হলেন জেসমিন আক্তার (২৮), শাহীনুর বেগম (৩৮), হাফিজা আক্তার (২২), অলকা রাণী (৩০), নিলুফা আক্তার (৩৬), সাথী আক্তার (৩০), পেয়ার বেগম (৩৫), রেহেনা বেগম (২০) ও আবেদা সুলতানা (৩৫)। তাঁদের সবাইকে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে গুরুতর আহত ছয়জনকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বাকি তিনজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

শ্রমিকদের অভিযোগ, তাঁরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলেন। এ সময় পুলিশ তাঁদের বাধা দেয় এবং একপর্যায়ে রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। এতে তাঁরা আহত হন।

শ্রমিকেরা জানান, সেপ্টেম্বর মাসের বকেয়া বেতনের দাবিতে গত ১০ অক্টোবরও তাঁরা আন্দোলন করেছিলেন। পরে কারখানা কর্তৃপক্ষ ১৩ অক্টোবর বেতন পরিশোধের প্রতিশ্রুতি দেয়। কিন্তু নির্ধারিত দিনেও বেতন দেওয়া হয়নি। বারবার দাবি জানিয়েও সমাধান না পাওয়ায় বৃহস্পতিবার তাঁরা মহাসড়কে অবস্থান নেন। এ ছাড়া ওই দিন কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে এবং মেশিনপত্র সরিয়ে নেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তাঁরা।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সাবিকুন্নাহার ইতি জানান, রাবার বুলেটে আহত নয়জন শ্রমিক জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসেন। তাঁদের মধ্যে গুরুতর আহত ছয়জনকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, শ্রমিকেরা সেপ্টেম্বর মাসের বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করেছিলেন। তাঁদের মহাসড়ক থেকে সরে গিয়ে মালিকপক্ষের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তাঁরা অবরোধ চালিয়ে যাওয়ায় রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাঁদের সরিয়ে দেওয়া হয়। মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে বেতনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

কারখানা থেকে মেশিনপত্র সরিয়ে নেওয়ার অভিযোগ অস্বীকার করে পুলিশ সুপার বলেন, শ্রমিকদের এ অভিযোগ সঠিক নয়। এ বিষয়ে বক্তব্য জানতে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও দায়িত্বশীল কাউকে পাওয়া যায়নি।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ