ছবিঃ সংগৃহীত
থানায় মামলা কিংবা সাধারণ ডায়েরি (জিডি) করতে কোনো টাকা বা সুপারিশের প্রয়োজন নেই। সাধারণ মানুষ যেন নির্ভয়ে থানায় এসে তাঁদের সমস্যার কথা জানাতে পারেন, সে জন্য সবার সহযোগিতা চেয়েছেন কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেব খাঁন।
তিনি বলেন, থানায় মামলা ও জিডি করতে কোনো টাকা লাগে না। তাঁর দরজা সবার জন্য উন্মুক্ত। যেকোনো সমস্যা নিয়ে থানায় আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ পুলিশ সব সময় জনগণের সেবায় নিয়োজিত।
পুলিশি সেবা সহজলভ্য করা, অপরাধ দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাকে অগ্রাধিকার দিচ্ছেন ওসি সোহেব খাঁন। করিমগঞ্জে সন্ত্রাস, ছিনতাই, মাদক কারবার, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দিচ্ছেন তিনি। অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো শৈথিল্য দেখানো হবে না বলেও জানান তিনি। ২০০৫ সালে বাংলাদেশ পুলিশে যোগ দেন সোহেব খাঁন। কর্মজীবনে তিনি টাঙ্গাইলের দেলদুয়ার, নারায়ণগঞ্জ, রাজশাহী ও সিরাজগঞ্জসহ বিভিন্ন স্থানে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া দুই দফায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সুদানে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তাঁর। প্রথমবার ২০১৩-২০১৪ সালে এবং দ্বিতীয়বার ২০২০-২০২১ সালে তিনি ওই মিশনে অংশ নেন।
কর্মজীবনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে করিমগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ নিয়ন্ত্রণ এবং পুলিশি সেবার মান বাড়াতে কাজ করতে চান তিনি। এ জন্য জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেছেন ওসি। তিনি মনে করেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ দমনে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতাও জরুরি। থানায় সেবা নিতে আসা কেউ যেন হয়রানির শিকার না হন এবং নির্ভয়ে অভিযোগ জানাতে পারেন, সে বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে।