ছবিঃ সংগৃহীত
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ভোরের কুয়াশা ও হিমেল হাওয়া জানান দিচ্ছে শীত আসতে আর বেশিদিন বাকি নাই। এ উপজেলায় শীতের মৃদু আগমনী আভাস পাওয়া যাচ্ছে। মাঠ-প্রান্তর আর সবুজের বুকজুড়ে শিশির ভেজা সকালের সেই দৃশ্য জানান দিচ্ছে, ঋতুর পালাবদল ধীরে ধীরে এগিয়ে আসছে।
এলাকা ঘুরে দেখা গেছে, গত ১৫/২০ দিন ধরে সন্ধ্যা ৬/৭ টার পর থেকেই চুনারুঘাট পৌরসভাসহ উপজেলার বিভিন্ন এলাকায় মাঠের সবুজ ঘাস ও ধানের পাতায় জমে আছে শিশির বিন্দু। হালকা কুয়াশায় দূরের গাছপালা ও পথঘাট আবছা হয়ে আছে। সূর্যের আলো ফুটতেই সেই কুয়াশা ধীরে ধীরে সরে গিয়ে শিশির ভেজা প্রকৃতি ফিরে পাচ্ছে তার আসল রূপ । এদিকে দিনের বেলায় তাপমাত্রা ৩০/৩১ ডিগ্রি সেলসিয়াসে থাকলেও, সন্ধ্যার পর থেকে রাতের তাপমাত্রা ২৬/২৭ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসছে। চুনারুঘাট পৌরসভার এলাকায় রিকশা চালক রূমন মিয়া বলেন, গত কয়েকদিন ধরেই রাতের শেষভাগে কুয়াশার আভাস পাওয়া যাচ্ছে। ভোরে ঘুম ভাঙতেই চারপাশে ঠাণ্ডা ঠাণ্ডা অনুভূতি, বাতাসেও যেন শীতের মৃদু পরশ। উপজেলার জুড়িয়া এলাকার কৃষক রঞ্জিত দাস বলেন, শীত এখনো পুরোপুরি আসেনি। তবে ভোরের কুয়াশা আর রাতের ঠাণ্ডা জানান দিচ্ছে, শীতের দিনগুলো ধীরে ধীরে এগিয়ে আসছে। চুনারুঘাট পৌরসভার বড়াইল এলাকার বাসিন্দা শিক্ষক বাবুল শীল বলেন, সকালে হালকা কুয়াশা, সঙ্গে শীতল বাতাস-প্রকৃতিতে ধীরে ধীরে শীতের আবহ তৈরি হচ্ছে। ভোরের পরিবেশে এখন সেই পরিবর্তন বেশ অনুভূত হচ্ছে। দিনের আলোয় উষ্ণতার ছোঁয়া এখনো রয়ে গেছে, কিন্তু ভোরের কুয়াশা, শিশিরভেজা ঘাস আর ধানের পাতায় জমে থাকা জলকণায় শীতের বার্তা ক্রমেই স্পষ্ট হচ্ছে। রাতের হিমেল বাতাস আর সকালের স্নিগ্ধ কুয়াশায় চুনারুঘাট উপজেলার প্রকৃতি যেন নীরবে বলে উঠছে- শীত আসছে, ধীরে ধীরে, কুয়াশার চাদর আর শিশিরের মুক্তোদানা সঙ্গে নিয়ে । এবিষয়ে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গালিব চৌধুরী বলেন, পাহাড়ি ঘেষা এলাকা হওয়ায় এ অঞ্চলে অনেক সময় শীতের আভাস আগেভাগেই অনুভূত হয়। এখন প্রকৃতিতে শীতের মৃদু আমেজ দেখা দিচ্ছে। তবে শীতের প্রকোপ বাড়লে শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে প্রয়োজনীয় শীতবস্ত্রের প্রস্তুতি থাকবে বলে জানান তিনি।