ছবিঃ সংগৃহীত
বাংলাদেশের জেন-জি আন্দোলনের প্রশংসা করে ভারতের ছাত্রনেত্রী নেহা বোরার দেওয়া মন্তব্য ঘিরে দেশটির রাজনীতিতে বিতর্ক তৈরি হয়েছে। ভারতের ক্ষমতাসীন দল বিজেপির অভিযোগ, নেহার বক্তব্যে বিরোধীদের সরকার পরিবর্তনের রাজনৈতিক উদ্দেশ্য স্পষ্ট হয়েছে। তবে নেহা তার বক্তব্যে বাংলাদেশ ও ভারতের তরুণদের আন্দোলনকে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াই হিসেবে তুলে ধরেছেন।
অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সভাপতি নেহা বোরা দিল্লি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। বর্তমানে তিনি জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের স্কুল অব আর্টস অ্যান্ড এস্থেটিকসে ডক্টরেট করছেন। এক সাক্ষাৎকারে বাংলাদেশের জেন-জি আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘এই দেশে আমরা সর্বত্র যে জেন-জি আন্দোলন দেখছি, তার শুরুটা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানোর জন্য আপনাদের অভিনন্দন; পাশাপাশি এই দেশের তরুণ প্রজন্মের প্রতি সংহতি জানানোর জন্যও আপনাদের ধন্যবাদ।’
২০২৪ সালের ৫ আগস্ট শিক্ষার্থীদের নেতৃত্বে কয়েক সপ্তাহের আন্দোলনের মুখে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ছাড়েন। এর আগে শিক্ষার্থীদের বিক্ষোভ ক্রমে দেশব্যাপী আন্দোলনে রূপ নেয় এবং পরিস্থিতি প্রাণঘাতী সংঘাতের দিকে গড়ায়। বাংলাদেশের সেই আন্দোলন ভারতের তরুণদের আন্দোলনেও অনুপ্রেরণা জুগিয়েছে বলে মন্তব্য করেছেন নেহা।
তিনি বলেন, বাংলাদেশে শুরু হওয়া আন্দোলন ছিল গণতন্ত্র ও ভোটাধিকারের জন্য। ভারতের তরুণদের আন্দোলনও একই দাবি সামনে রেখে এগোচ্ছে। দেশটির প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে নির্বাচনী অনিয়মের অভিযোগ তুলে যে প্রতিবাদ চলছে, সেটিকেও এই বৃহত্তর আন্দোলনের অংশ হিসেবে দেখছেন তিনি।
নেহার বক্তব্যের প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার বিজেপির মুখপাত্র প্রদীপ ভান্ডারি অভিযোগ করেন, তার মন্তব্য ভারতের ক্ষমতা পরিবর্তনের পরিকল্পনার প্রকাশ্য স্বীকারোক্তি। ভান্ডারির দাবি, কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও তার রাজনৈতিক বলয় গণতান্ত্রিক উপায়ে বিরোধিতা করার পরিবর্তে আন্দোলনের মাধ্যমে সরকার পরিবর্তনের লক্ষ্য নিয়ে এগোচ্ছে।
বিজেপির এই মুখপাত্র আরও বলেন, রাহুল গান্ধী ও কংগ্রেসের উদ্দেশ্য কেবল রাজনৈতিক বিরোধিতা নয়; বরং ভারতের সংবিধান ও গণতান্ত্রিক ব্যবস্থাকে দুর্বল করা। বাংলাদেশে যে ধরনের রাজনৈতিক পরিবর্তন ঘটেছে, তার অনুরূপ পরিস্থিতি তৈরির ষড়যন্ত্রের অভিযোগও তোলেন তিনি। একই সঙ্গে ভারতের গণতন্ত্রে বিশ্বাসীদের রাহুল গান্ধী ও কংগ্রেসের বিরোধিতা করার আহ্বান জানান ভান্ডারি।