ছবিঃ সংগৃহীত
অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে (বিবিএল) আরও এক মৌসুম খেলবেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। ১৬তম আসরের জন্য ২৪ বছর বয়সী এই ক্রিকেটারকে এক বছরের নতুন চুক্তিতে দলে ধরে রেখেছে হোবার্ট হারিকেনস। গত আসরে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করে দলের আস্থার প্রতিদান দিয়েছিলেন রিশাদ। এবার অস্ট্রেলিয়ার তারকা লেগ স্পিনার অ্যাডাম জাম্পার সঙ্গে একই দলে খেলবেন তিনি।
গত মাসে জাম্পাকে দলে নেওয়ার পর রিশাদকেও রেখে দিয়েছে হোবার্ট। গত মৌসুমে দলটির হয়ে অভিষেকেই নিজের সামর্থ্যের প্রমাণ দেন বাংলাদেশের এই স্পিনার। বিবিএলের ১৫তম আসরে ১২ ম্যাচে ১৫ উইকেট নিয়ে হোবার্টের সর্বোচ্চ উইকেটশিকারি হন তিনি। দারুণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে জেতেন ক্লাবের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কারও। তার পারফরম্যান্সে সন্তুষ্ট হয়েই নতুন মৌসুমের জন্য তাকে দলে রাখার সিদ্ধান্ত নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
রিশাদকে ধরে রাখা প্রসঙ্গে হোবার্ট হারিকেনসের জেনারেল ম্যানেজার স্যালিয়ান বিমস বলেন, ‘রিশাদ আমাদের স্পষ্টভাবে জানিয়েছিল, গত মৌসুমে হোবার্টে তার সময়টা দারুণ কেটেছে এবং সে আবার ফিরতে চায়। বিষয়টি আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ ছিল।’ তিনি আরও বলেন, ‘অ্যাডাম জাম্পাকে দলে নেওয়ার পর আমাদের স্কোয়াডের পরিকল্পনায় কিছুটা পরিবর্তন এসেছিল। তবে রিশাদের মতো মানসম্পন্ন একজন খেলোয়াড় যখন আবার ফিরতে এতটা আগ্রহী, তখন তাঁকে দলে রাখার সব সম্ভাবনাই আমরা বিবেচনা করতে চেয়েছি।’
রিশাদ ও জাম্পাকে নিয়ে আসন্ন আসরে শক্তিশালী স্পিন আক্রমণ গড়ার পরিকল্পনা করছে হোবার্ট। দুজনের বোলিংয়ের ধরনেও রয়েছে ভিন্নতা। দীর্ঘদিন ধরে সাদা বলের ক্রিকেটে বিশ্বের অন্যতম সেরা বোলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন জাম্পা। অন্যদিকে, মাঝের ওভারগুলোতে প্রতিপক্ষের ব্যাটারদের চাপে ফেলে উইকেট নেওয়ার সামর্থ্য দেখিয়েছেন রিশাদ।
এ বিষয়ে স্যালিয়ান বিমস বলেন, ‘আমাদের দলে এখন দুজন উচ্চমানের লেগ স্পিনার রয়েছেন, যাঁরা ভিন্ন ভিন্ন শক্তি নিয়ে আসছেন। কন্ডিশন ও প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচের পরিস্থিতি অনুযায়ী তাঁদের ব্যবহার করার দারুণ সুযোগ থাকবে।’
রিশাদের প্রশংসা করে তিনি আরও বলেন, ‘অ্যাডাম দীর্ঘ সময় ধরে বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা সাদা বলের বোলার। আর গত মৌসুমে আমরা দেখেছি, মাঝের ওভারগুলোতে রিশাদ কতটা বিপজ্জনক হতে পারে। দুজনকে একসঙ্গে পাওয়ায় আমাদের বোলিং আক্রমণে বাড়তি মাত্রা যোগ হবে।’