ছবিঃ সংগৃহীত
বলিউড অভিনেতা ইমরান খানকে আগামী ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে মুম্বাই পুলিশ। ভারতের নাগরিকত্ব না থাকা সত্ত্বেও রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে অভিবাসন আইনের আওতায় তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে এ বিষয়ে এখনো প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানাননি অভিনেতা।
মুম্বাই পুলিশের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য ফ্রি প্রেস জার্নাল। প্রতিবেদনে বলা হয়েছে, ইমরান খান যুক্তরাষ্ট্রের নাগরিক। তাকে ভারত ছাড়ার নির্দেশ দিয়ে নোটিশ পাঠিয়েছে পুলিশ। নিজের নাগরিকত্ব ও নোটিশের বিষয়ে ইমরান খানের বক্তব্য জানা যায়নি।
এর আগে ২০১১ সালে এক সাক্ষাৎকারে নিজের মার্কিন নাগরিকত্ব এবং ভারতীয় নাগরিকত্ব পাওয়ার চেষ্টা নিয়ে কথা বলেছিলেন ইমরান। সে সময় তিনি জানিয়েছিলেন, ভারতীয় পাসপোর্ট পাওয়ার জন্য সরকারি প্রক্রিয়া চলছিল। নাগরিকত্ব না থাকায় ভারতে ভোট দিতে পারেন না বলেও উল্লেখ করেন তিনি। তবে পরবর্তী সময়ে তিনি ভারতীয় নাগরিকত্ব পেয়েছিলেন কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
সম্প্রতি ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়ে প্রেমিকা লেখা ওয়াশিংটনসহ আটক হন ইমরান খান। পরে পুলিশ তাদের ছেড়ে দেয়। তবে এ ঘটনায় ইমরান, তার প্রেমিকা এবং অন্য বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা করা হয়। দক্ষিণ মুম্বাইয়ের গামদেবী থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে।
পুলিশের তথ্য অনুযায়ী, বিক্ষোভ চলাকালে মুম্বাই থেকে চার শতাধিক মানুষকে আটক করা হয়েছিল। ভারতীয় দণ্ডবিধির ২২৩, ১২৬(২), ১৮৯(২), ১৮৯(৩) ও ১৮৯(৫) ধারায় মামলাটি করা হয়েছে। এসব ধারায় আদেশ অমান্য, অন্যায়ভাবে বাধা দেওয়া এবং বেআইনি সমাবেশের মতো অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে। ভারতের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে এই বিক্ষোভের আয়োজন করে সিজেপি। দলটির দাবি, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পদত্যাগ করতে হবে এবং ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বন্ধ করতে হবে। এই কর্মসূচিতে অংশ নেওয়ায় ইমরান খানও পুলিশের পদক্ষেপের মুখে পড়েছেন।
বলিউড অভিনেতা আমির খানের ভাগ্নে ইমরান খান ২০০৮ সালে ‘জানে তু ইয়া জানে না’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক করেন। এরপর বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেন তিনি। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘কাট্টি বাট্টি’, যা ২০১৫ সালে মুক্তি পায়। নিখিল আদভানি পরিচালিত সিনেমাটিতে কঙ্গনা রনৌতের বিপরীতে অভিনয় করেছিলেন ইমরান। পরে ‘মিশন মার্স: কিপ ওয়াকিং ইন্ডিয়া’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের মাধ্যমে পরিচালক হিসেবেও আত্মপ্রকাশ করেন তিনি।