শেরপুরের নালিতাবাড়ীতে খাল থেকে নারীর মরদেহ উদ্ধার
সংগৃহীত ছবি
তপুসরকার হারুন, শেরপুর : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দির সুতিয়ারপাড় এলাকায় একটি খাল থেকে হায়াতুন্নেসা (৫৫) নামে এক মানসিক ভারসাম্যহীন নারীর ( ৪৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার রূপনারায়নকুড়া এলাকার ছহিমউদ্দিনের স্ত্রী ছিলেন। মরদেহ উদ্ধারের খবর পেয়ে তার একমাত্র ছেলে হাবিল উদ্দিন থানায় এসে তার মায়ের লাশ সনাক্ত করে। হাবিলউদ্দিন জানায় তার মা গতকাল থেকে নিখোঁজ ছিলেন।
আজ শনিবার (১৭ অক্টোবর) সকাল ১০টার দিকে খালের পানিতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা। পরে তারা নালিতাবাড়ী থানা পুলিশকে খবর দিলে, পুলিশ দুপুর ১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পুলিশ মরদেহটির সুরতহাল প্রতিবেদন তৈরি করে থানায় নিয়ে আসে। স্থানীয়রা জানান, ওই নারী মানসিক ভারসাম্যহীন একজন ভিক্ষুক ছিলেন। মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
কমেন্ট বক্স