ছবিঃ সংগৃহীত
আইপিএলে ঝোড়ো ব্যাটিং দিয়ে আলোচনায় আসা জেক ফ্রেজার-ম্যাকগার্ক আবারও নিজের বিধ্বংসী ব্যাটিংয়ের প্রমাণ দিলেন। এবার অস্ট্রেলিয়ার ঘরোয়া ওয়ানডেতে মাত্র ১৪ বলে ফিফটি এবং ৪৯ বলে সেঞ্চুরি করে গড়েছেন নতুন রেকর্ড। কুইন্সল্যান্ডের বিপক্ষে তাঁর এমন ব্যাটিংয়ে রীতিমতো ঝড় ওঠে মাঠে। অস্ট্রেলিয়ার লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম ফিফটির রেকর্ডও নিজের করে নিয়েছেন এই ব্যাটার।
অ্যাডিলেডের কারেন রোলটন ওভালে ম্যাচটিতে সাউথ অস্ট্রেলিয়ার হয়ে ৬৩ বলে ১২২ রানের বিধ্বংসী ইনিংস খেলেন ফ্রেজার-ম্যাকগার্ক। তাঁর ইনিংসে ছিল ১০টি চার ও ৯টি ছক্কা। লিস্ট ‘এ’ ক্রিকেটে এটি তাঁর দ্বিতীয় সেঞ্চুরি। এর আগে ২০২৩ সালে ১৮ বলে ফিফটি করে অস্ট্রেলিয়ার ঘরোয়া ওয়ানডেতে দ্রুততম অর্ধশতকের রেকর্ড গড়েছিলেন তিনি। এবার নিজের সেই রেকর্ডই চার বল কম খেলে ভেঙেছেন।
ইনিংসের শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন ফ্রেজার-ম্যাকগার্ক। দ্বিতীয় ওভারে টম স্ট্রেকারের বলে ২২ রান নেওয়ার পর চতুর্থ ওভারে টম হুইটনির বলে যোগ করেন ১৬ রান। ষষ্ঠ ওভারে হেইডেন কারকে একটি ছক্কা ও একটি চার মেরে মাত্র ১৪ বলেই ফিফটি পূর্ণ করেন তিনি। তাতেই অস্ট্রেলিয়ার লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম ফিফটির নতুন রেকর্ড গড়ে ফেলেন এই ডানহাতি ব্যাটার।
তবে বিশ্বরেকর্ডটি এখনো তাঁর নাগালের বাইরে। লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম ফিফটির বিশ্বরেকর্ডটি ভারতের তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশীর দখলে। গত জুনে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে মাত্র ১১ বলে অর্ধশতক পূর্ণ করেছিলেন তিনি।
ফিফটির পরও থামেননি ফ্রেজার-ম্যাকগার্ক। পরের আট বলে চারটি চার ও একটি ছক্কা মেরে ২২ বল শেষে তাঁর রান দাঁড়ায় ৭৫। তখন দ্রুততম সেঞ্চুরির নতুন রেকর্ড গড়ার সম্ভাবনাও জোরালো হয়ে ওঠে। ২৯ বলে সেঞ্চুরি করতে শেষ ছয় বলে প্রয়োজন ছিল ২৫ রান। কিন্তু কুইন্সল্যান্ডের অধিনায়ক মিচেল সোয়েপসন নবম ওভারে বোলিংয়ে এসে তাঁর সেই গতিতে লাগাম টানেন। পাঁচ বল করে মাত্র এক রান দেন এই স্পিনার।
ওই ওভারে একটি শট ঠিকমতো খেলতে না পারার পর অল্পের জন্য এলবিডব্লিউ হওয়া থেকেও বেঁচে যান ফ্রেজার-ম্যাকগার্ক।