১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

প্রথম দিনেই শতকোটি আয়, রজনীকান্তের ‘জেলার ৩’ নিয়ে জল্পনা

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ১৮-১০-২০২৬
প্রথম দিনেই শতকোটি আয়, রজনীকান্তের ‘জেলার ৩’ নিয়ে জল্পনা ছবিঃ সংগৃহীত

মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে সাড়া ফেলেছে দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত নতুন সিনেমা ‘জেলার ২’। নেলসন দিলীপকুমার পরিচালিত সিনেমাটিতে আবারও টাইগার মুথুভেল পান্ডিয়ান চরিত্রে দেখা গেছে তাঁকে। অ্যাকশন ও নাটকীয়তায় ভরপুর সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহের পাশাপাশি এর শেষ দৃশ্য ঘিরেও শুরু হয়েছে আলোচনা। বিশেষ করে গল্পের সমাপ্তিতে রাখা কিছু চমক নতুন কিস্তি ‘জেলার ৩’ নির্মাণের সম্ভাবনা নিয়ে কৌতূহল বাড়িয়েছে।

বক্স অফিসের প্রাথমিক হিসাব অনুযায়ী, মুক্তির প্রথম দিনে বিশ্বব্যাপী ১২৫ কোটি ২৫ লাখ রুপি আয় করেছে ‘জেলার ২’। এর মধ্যে শুধু ভারতেই সিনেমাটির নেট আয় ৫৯ কোটি ৭০ লাখ রুপি। প্রথম দিনের এই আয় সিনেমাটির বাণিজ্যিক সাফল্যের ইঙ্গিত দিচ্ছে।

সিনেমাটিতে অবসরপ্রাপ্ত জেল কর্মকর্তা টাইগার মুথুভেল পান্ডিয়ান চরিত্রে অভিনয় করেছেন রজনীকান্ত। এবার কালপাক পরিবারের সঙ্গে বিপজ্জনক সংঘাতে জড়িয়ে পড়েন তিনি। কালপাক চরিত্রে মিঠুন চক্রবর্তী, কান্থা চরিত্রে বিদ্যা বালান এবং বোধি চরিত্রে এসজে সূর্য অভিনয় করেছেন। সংঘাত, অ্যাকশন ও নানা নাটকীয় ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যায় সিনেমার গল্প।

তবে সিনেমার শেষ অংশে রাখা কয়েকটি চমকই দর্শকদের মধ্যে তৃতীয় কিস্তি নিয়ে জল্পনা বাড়িয়েছে। গল্পের একপর্যায়ে নিজের ছেলে অর্জুনকে হত্যার দায়ে আত্মসমর্পণ করেন টাইগার। এরপর হাতকড়া পরিয়ে তাঁকে নিয়ে যাওয়া হয়। দৃশ্যটি দেখে মনে হয়, এখানেই হয়তো শেষ হচ্ছে টাইগারের যাত্রা।

কিন্তু ঠিক সেই মুহূর্তে হাজির হন বিজয় সেতুপতি। তিনি টাইগারের হাতে একটি ফোন তুলে দিয়ে কান্থার পাঠানো ‘গুড মর্নিং’ বার্তার জবাব দিতে বলেন। এই আকস্মিক উপস্থিতি এবং কান্থার বার্তা গল্পের পরবর্তী অধ্যায় নিয়ে নতুন প্রশ্ন তৈরি করেছে।

সিনেমার সমাপ্তিতে কিছু বিষয় অমীমাংসিত থাকায় দর্শকদের একাংশের ধারণা, এখানেই শেষ নয় টাইগারের গল্প। কান্থার উপস্থিতি এবং বিজয় সেতুপতির চরিত্রের আকস্মিক আগমন ভবিষ্যতে নতুন কাহিনির সুযোগ তৈরি করেছে বলে মনে করছেন অনেকে।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ