সোনারগাঁয়ে শুরু হয়েছে আট দিনব্যাপী লালন কারুমেলা
সংগৃহীত ছবি
মোঃ শরীফ হোসেন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন প্রাঙ্গণে শুরু হয়েছে আট দিনব্যাপী লালন কারুমেলা। মরমি সাধক ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে শনিবার (১৭ অক্টোবর) সকালে ফাউন্ডেশনের ক্যাফেটেরিয়ায় এ মেলার উদ্বোধন করা হয়।
মেলায় দেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী লোকজ ও কারুশিল্প নিয়ে অংশ নিয়েছেন ১৫ জন কারুশিল্পী। তাঁদের হাতে তৈরি নকশিকাঁথা, কাঠের হাতি-ঘোড়া ও পুতুল, দারুশিল্প, হাতপাখা, বেতশিল্প, মাটির গহনা, ঝিনুকশিল্প, শতরঞ্জি, মণিপুরি তাঁত, কুমিল্লার খাদি, একতারা ও তাঁতবস্ত্রসহ নানা ধরনের কারুপণ্য প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে।
মেলায় আসা দর্শনার্থীরা কারুশিল্পীদের কাছ থেকে ঐতিহ্যবাহী বিভিন্ন পণ্য তৈরির প্রক্রিয়া সরাসরি দেখার সুযোগ পাচ্ছেন। পাশাপাশি নিজেদের পছন্দের কারুপণ্য কেনারও সুযোগ রয়েছে। এতে দেশীয় লোকজ ঐতিহ্য ও কারুশিল্পের সঙ্গে দর্শনার্থীদের পরিচিত হওয়ার সুযোগ তৈরি হয়েছে।
আয়োজক সূত্রে জানা গেছে, প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। আগামী ২৪ অক্টোবর পর্যন্ত চলবে এ আয়োজন।
ফাউন্ডেশন কর্তৃপক্ষ জানায়, বাংলাদেশের বিলুপ্তপ্রায় লোকজ ঐতিহ্য সংগ্রহ, সংরক্ষণ, গবেষণা, প্রদর্শন ও পুনরুজ্জীবনের পাশাপাশি কারুশিল্পীদের উৎসাহিত করা এবং তাঁদের আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখার লক্ষ্যেই এ কারুমেলার আয়োজন করা হয়েছে। এ ধরনের আয়োজনের মাধ্যমে দেশের ঐতিহ্যবাহী কারুশিল্পের প্রচার ও প্রসারের পাশাপাশি কারুশিল্পীদের তৈরি পণ্যের বাজার সম্প্রসারণেও ভূমিকা রাখার সুযোগ রয়েছে।
কমেন্ট বক্স