১৯ অক্টোবর ২০২৬ , ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে অগ্নিনির্বাপণ ও জরুরি উদ্ধার মহড়া

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ১৯-১০-২০২৬
ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে অগ্নিনির্বাপণ ও জরুরি উদ্ধার মহড়া ছবিঃ সংগৃহীত

কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকায় প্রধান কার্যালয়ে অগ্নিনির্বাপণ ও জরুরি অবস্থায় ভবন খালি করার মহড়া সম্পন্ন করেছে ব্র্যাক ব্যাংক। গত ১৪ অক্টোবর অনুষ্ঠিত এ মহড়ার মাধ্যমে অগ্নিকাণ্ডসহ বিভিন্ন জরুরি পরিস্থিতি মোকাবিলায় কর্মীদের প্রস্তুতি যাচাই এবং নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হয়।

মহড়ায় অগ্নিকাণ্ডের কৃত্রিম পরিস্থিতি তৈরি, অ্যালার্ম বাজানো এবং জরুরি ঘোষণা দেওয়ার পর পুরো ভবন খালি করে নিরাপদ স্থানে জড়ো হওয়ার অনুশীলন করা হয়। পাশাপাশি ব্যাংকের অভ্যন্তরীণ অগ্নিনিরাপত্তা দলের মাধ্যমে অনুসন্ধান ও উদ্ধার অভিযান, প্রাথমিক চিকিৎসা এবং আহত ব্যক্তিদের দ্রুত হাসপাতালে স্থানান্তরের প্রশিক্ষণ দেওয়া হয়।

মহড়ার বিশেষ আকর্ষণ ছিল ফায়ার রেসকিউ দলের টার্নটেবিল ল্যাডার ব্যবহার করে জটিল উদ্ধার অভিযান পরিচালনা। এ সময় অংশগ্রহণকারীদের অগ্নিনির্বাপণ সরঞ্জামের ব্যবহার এবং জরুরি পরিস্থিতিতে করণীয় বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। মহড়া শেষে একটি পর্যালোচনা সভায় অগ্নিনির্বাপণ কৌশল ও জরুরি নির্গমন প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয়।

ব্র্যাক ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব হোলসেল ব্যাংকিং মো. শাহীন ইকবাল সিএফএ বলেন, এ ধরনের মহড়া মানুষের জীবন ও নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কর্মীদের সব সময় প্রস্তুত রাখতে দেশজুড়ে ব্যাংকের সব কার্যালয়ে নিয়মিত এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হয়। দায়িত্বশীল ও মূল্যবোধভিত্তিক প্রতিষ্ঠান হিসেবে অগ্নিনিরাপত্তাসহ সব ধরনের জরুরি পরিস্থিতিতে নিরাপত্তাবিধি অনুসরণে ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ।

অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের হেড অব জেনারেল সার্ভিসেস অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মো. আমিন আকবর উপস্থিত ছিলেন।

কর্মীদের স্বাস্থ্য, নিরাপত্তা ও সার্বিক কল্যাণ নিশ্চিত করতে নিয়মিত নিরাপত্তা মহড়া, প্রশিক্ষণ এবং নিরাপদ কর্মপরিবেশ তৈরির ওপর গুরুত্ব দিচ্ছে ব্র্যাক ব্যাংক। এর মাধ্যমে জরুরি পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার সক্ষমতা বাড়ানোর পাশাপাশি কর্মীদের নিরাপত্তাসচেতনতা জোরদার করার উদ্যোগ নেওয়া হচ্ছে।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ