ছবিঃ সংগৃহীত
বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়ামের মর্যাদা ভারতের কাছ থেকে কেড়ে নিতে যাচ্ছে ভিয়েতনাম। দেশটির রাজধানী হ্যানয়ে নির্মাণ করা হচ্ছে ১ লাখ ৩৫ হাজার দর্শক ধারণক্ষমতার বিশাল এক স্টেডিয়াম। পরিকল্পনা অনুযায়ী, ২০২৮ সালে নির্মাণকাজ শেষ হলে এটিই হবে দর্শক ধারণক্ষমতায় বিশ্বের বৃহত্তম স্টেডিয়াম।
নির্মাণাধীন স্টেডিয়ামটির নাম ভিনফাস্ট ত্রং ডং স্টেডিয়াম। ভিয়েতনামের বৃহত্তর আন্তর্জাতিক ক্রীড়া নগরী প্রকল্পের অংশ হিসেবে এটি নির্মাণ করা হচ্ছে। ২০২৫ সালের ১৯ ডিসেম্বর প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। স্টেডিয়াম নির্মাণে বিনিয়োগ করা হয়েছে ২০০ কোটি মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৪ হাজার ৭৩০ কোটি টাকা।
স্টেডিয়ামটির নকশায় তুলে ধরা হয়েছে ভিয়েতনামের প্রাচীন সাংস্কৃতিক ঐতিহ্য। দেশটির ঐতিহ্যবাহী ডং সন ব্রোঞ্জের ঢোলের আদলে তৈরি হচ্ছে এর স্থাপত্যশৈলী। আধুনিক নির্মাণকৌশলের সঙ্গে নিজস্ব ইতিহাস ও সংস্কৃতির মেলবন্ধন ঘটানোই এ নকশার অন্যতম উদ্দেশ্য।
স্টেডিয়ামটিতে থাকবে স্বয়ংক্রিয়ভাবে খোলা ও বন্ধ করা যায় এমন ছাদ। এর ফলে খেলাধুলার পাশাপাশি বড় কনসার্ট ও অন্যান্য আন্তর্জাতিক আয়োজনও করা সম্ভব হবে। বহুমুখী ব্যবহারের উপযোগী করে তৈরি করা হচ্ছে পুরো স্থাপনাটি।
প্রকল্পের পরিকল্পনা অনুযায়ী, ২০২৮ সালের আগস্টের মধ্যে স্টেডিয়ামটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তবে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করে এটি চালু করা সম্ভব হবে কি না, তা এখনো নিশ্চিত নয়।
বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি দর্শক ধারণক্ষমতাসম্পন্ন স্টেডিয়াম ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম। এর ধারণক্ষমতা ১ লাখ ৩২ হাজার দর্শক। ভিয়েতনামের নির্মাণাধীন ভিনফাস্ট ত্রং ডং স্টেডিয়ামের পরিকল্পিত ধারণক্ষমতা ১ লাখ ৩৫ হাজার, যা ভারতের স্টেডিয়ামটির চেয়ে ৩ হাজার বেশি। প্রকল্পটি বাস্তবায়িত হলে দর্শক ধারণক্ষমতায় বিশ্বসেরার অবস্থান হারাবে ভারত।