দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা এমপি সেলিমুজ্জামানের
সংগৃহীত ছবি
শরিফুল রোমান, মুকসুদপুর (গোপালগঞ্জ): ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা নিয়ে শারদীয় দুর্গাপূজার আনন্দ ভাগাভাগি করতে গোপালগঞ্জের মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলার বিভিন্ন সার্বজনীন দুর্গামন্দির পরিদর্শন করেছেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।
মঙ্গলবার (২০ অক্টোবর) মুকসুদপুরের পাটকেলবাড়ি এবং কাশিয়ানী উপজেলার মাহমুদপুর, সাজাইলসহ বিভিন্ন ইউনিয়নের পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি বলেন, "বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ। হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনেরা যাতে পূর্ণ আনন্দ ও শ্রদ্ধার সঙ্গে পূজা উদযাপন করতে পারেন, সে জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে।"
এমপি সেলিমুজ্জামান বলেন, আবহমানকাল ধরে এ দেশের সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে আসছেন। উৎসব সবার, আর সবার নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বও সবার। সাম্প্রদায়িক সম্প্রীতির এই ঐতিহ্য অটুট রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
পরিদর্শনকালে তিনি স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন এবং পূজার সার্বিক পরিবেশ, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তাব্যবস্থার খোঁজখবর নেন। পাশাপাশি যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দেন।
গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে যেকোনো প্রয়োজনে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার আহ্বান জানান তিনি। দুর্গোৎসবকে আরও আনন্দমুখর করতে বিভিন্ন মন্দিরে বস্ত্র ও নগদ অর্থ সহায়তাও প্রদান করেন।
পরিদর্শনকালে প্রশাসনিক কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
কমেন্ট বক্স