২২ অক্টোবর ২০২৬ , ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

অস্ট্রেলীয় আইনপ্রণেতার দুই পা বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ২২-১০-২০২৬
অস্ট্রেলীয় আইনপ্রণেতার দুই পা বিচ্ছিন্ন ছবিঃ সংগৃহীত

অস্ট্রেলিয়ার স্বতন্ত্র আইনপ্রণেতা হেলেন হেইনসকে গাড়িচাপা দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়ে তাঁর দুই পা-ই অস্ত্রোপচারের মাধ্যমে বিচ্ছিন্ন করতে হয়েছে। সোমবার ভিক্টোরিয়া রাজ্যের ওয়াংগারাট্টা শহরে নিজের কার্যালয়ের কাছে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাটিকে পরিকল্পিত হামলা হিসেবে তদন্ত করছে।

বুধবার হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে হেলেনের স্বামী ফিল হেইনস জানান, অস্ত্রোপচারের সময় চিকিৎসকেরা তাঁর স্ত্রীর দুই পা বিচ্ছিন্ন করতে বাধ্য হন। ৬৫ বছর বয়সী হেলেন বর্তমানে মেলবোর্নের একটি হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

ফিল বলেন, ‘এত কিছুর মধ্যেও সবচেয়ে বড় সুখবর হলো, হেলেন বেঁচে আছেন এবং তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।

আমাদের পরিবারের কাছে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

স্ত্রীর ব্যক্তিত্বের কথা তুলে ধরে তিনি আরও বলেন, পরিবারের কাছে হেলেনের হৃদয় ও মন সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি অত্যন্ত সহানুভূতিশীল, যত্নশীল ও ভালোবাসাপূর্ণ একজন মানুষ।

সোমবার মেলবোর্ন থেকে ২০০ কিলোমিটারের বেশি উত্তর-পূর্বে ওয়াংগারাট্টা শহরে নিজের কার্যালয়ের কাছে গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন হেলেন। এ ঘটনায় অভিযুক্ত ৪৩ বছর বয়সী ব্রেন্ডান নুজেন্টকে বুধবার আদালতে হাজির করা হয়।

অভিযুক্তের বিরুদ্ধে বিপজ্জনকভাবে গাড়ি চালিয়ে গুরুতর আহত করা, ইচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত করা এবং একজন সরকারি কর্মকর্তার ক্ষতিসাধনের অভিযোগ আনা হয়েছে। অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় আইনের আওতাভুক্ত শেষ অভিযোগটির সর্বোচ্চ শাস্তি ১০ বছরের কারাদণ্ড।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ