ছবিঃ সংগৃহীত
বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফির ফাইনালে ওঠেছে বাংলাদেশ। মঙ্গলবার পল্টনের এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মালদ্বীপকে ৩৩–২০ গোলে হারায় লাল সবুজের দলটি। বৃহস্পতিবার বিকেল তিনটায় শিরোপা লড়াইয়ে ভারতের মুখোমুখি হবে আনা আলোনসো ফ্রাগুয়ার দল। মঙ্গলবার বাংলাদেশের বিপক্ষে শুরুটা ভালো করে মালদ্বীপ। তবে সময়ের সঙ্গে পিছিয়ে পড়ে অতিথিরা। বিরতির পর দারুণভাবে ঘুরে দাঁড়ায় দ্বীপ দেশটি। এই অর্ধে সমানতালে লড়লেও ম্যাচ জেতার জন্য সেটি যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত প্রথমার্ধে বাংলাদেশের ১১ গোলের লিডই ব্যবধান গড়ে দেয়। প্রথমার্ধে লাল সবুজের মেয়েরা এগিয়ে ছিল ১৬-৫ গোলে। দ্বিতীয়ার্ধে বাংলাদেশের ১৭ গোলের জবাবে মালদ্বীপ করে ১৫টি। ৮ গোল করে ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বাংলাদেশের মোসাম্মত সানজিদা আক্তার।
টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচে লাল-সবুজদের প্রতিপক্ষ শক্তিশালী ভারত। গুরুত্বপূর্ণ এই ম্যাচে মালদ্বীপের বিপক্ষে একাই ৮টি গোল করে ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন বাংলাদেশের তারকা খেলোয়াড় সানজিদা আক্তার। ম্যাচ শেষে নিজের পারফরম্যান্স এবং ফাইনালের লক্ষ্য নিয়ে কথা বলেছেন এই হ্যান্ডবল তারকা। ম্যাচ সেরা হওয়া সানজিদা আক্তার জানান, ভারতের বিপক্ষে আগের ম্যাচে যে ভুলত্রুটিগুলো ছিল, তা নিয়ে আলোচনার পর তারা মালদ্বীপের বিরুদ্ধে তা শুধরে নেওয়ার চেষ্টা করেছিলেন। সেটিরই ফল মিলেছে এই জয় দিয়ে।