বাইপাস সড়ক নির্মাণ হলে মুকসুদপুরের যানজট কমবে : এমপি সেলিমুজ্জামান
সংগৃহীত ছবি
শরিফুল রোমান, মুকসুদপুর (গোপালগঞ্জ): গোপালগঞ্জের মুকসুদপুরের দীর্ঘদিনের যানজট নিরসনে বাইপাস সড়ক নির্মাণের উদ্যোগ নিয়েছেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম। এ সড়ক নির্মাণ করা গেলে শহরের ভেতর দিয়ে ভারী ও দূরপাল্লার যানবাহনের চলাচল কমবে, পাশাপাশি সড়ক নিরাপত্তাও বাড়বে বলে জানিয়েছেন তিনি।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে মুকসুদপুর পৌর এলাকার প্রধান সড়কসংলগ্ন বাইপাস সড়ক নির্মাণের কয়েকটি সম্ভাব্য স্থান পরিদর্শনকালে এসব কথা বলেন সংসদ সদস্য।
এমপি সেলিমুজ্জামান সেলিম বলেন, মুকসুদপুরের প্রধান সড়কে প্রতিদিন যানবাহনের চাপ বাড়ছে। এতে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী, শিক্ষার্থী ও দূরপাল্লার যাত্রীরা ভোগান্তিতে পড়ছেন। বাইপাস সড়ক নির্মাণ করা গেলে শহরের ভেতর দিয়ে ভারী ও দূরপাল্লার যান চলাচল কমবে। এর ফলে যানজট নিরসনের পাশাপাশি সড়ক নিরাপত্তা নিশ্চিত করা সহজ হবে।
তিনি দ্রুত সমীক্ষা পরিচালনা এবং প্রকল্প প্রস্তাব তৈরির ওপর গুরুত্বারোপ করেন।
পরিদর্শনকালে সংসদ সদস্যের সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির, মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মিজানুর রহমান লিপু, সাবেক পৌর মেয়র সাজ্জাদ করিম মন্টু, পৌর বিএনপির সভাপতি আবুল বশার টুলটু বিশ্বাস ও সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টুসহ জনপ্রতিনিধি এবং রাজনৈতিক ও সামাজিক নেতারা।
এ সময় প্রস্তাবিত বাইপাস সড়কের সম্ভাব্য রুট, জমির প্রাপ্যতা, যানবাহনের চাপ, সংযোগ সড়ক এবং নির্মাণের সম্ভাব্যতা নিয়ে আলোচনা হয়।
স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা জানান, প্রাথমিক পরিদর্শনের পর সম্ভাব্য রুট নির্ধারণ, ভূমি জরিপ, পরিবেশগত প্রভাব যাচাই এবং নির্মাণব্যয়ের প্রাক্কলন তৈরির উদ্যোগ নেওয়া হবে। পরে সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে প্রকল্প প্রস্তাব প্রস্তুত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।
তাঁরা আরও জানান, সম্ভাব্যতা যাচাই ও কারিগরি সমীক্ষা সম্পন্ন হলে বাইপাস সড়কের দৈর্ঘ্য, প্রস্থ, সংযোগস্থল এবং নির্মাণব্যয় সম্পর্কে বিস্তারিত ধারণা পাওয়া যাবে। প্রয়োজনীয় অনুমোদন ও অর্থ বরাদ্দ সাপেক্ষে পরবর্তী সময়ে ভূমি অধিগ্রহণ ও নির্মাণকাজ শুরু করা সম্ভব হবে।
সংশ্লিষ্টদের মতে, বাইপাস সড়ক নির্মাণের উদ্যোগ বাস্তবায়িত হলে মুকসুদপুরের দীর্ঘদিনের যানজট কমার পাশাপাশি আঞ্চলিক বাণিজ্য, যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নেও ইতিবাচক প্রভাব পড়বে।
কমেন্ট বক্স