২৪ অক্টোবর ২০২৬ , ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

খোকসায় অপহরণের ৭ ঘণ্টার মধ্যে ব্যবসায়ী বর্ষণকে উদ্ধার করল পুলিশ

আপলোড সময় : ২৪-১০-২০২৬
খোকসায় অপহরণের ৭ ঘণ্টার মধ্যে ব্যবসায়ী বর্ষণকে উদ্ধার করল পুলিশ সংগৃহীত ছবি

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসায় অস্ত্র ঠেকিয়ে অপহৃত মো. মাহাফুজুর রহমান বর্ষণ (২৮) নামে এক ব্যবসায়ীকে উদ্ধার করেছে খোকসা থানা পুলিশ। পুলিশের দ্রুত পদক্ষেপ ও জোরদার অভিযানের মুখে পড়ে অপহরণের মাত্র সাত ঘণ্টার মধ্যেই ভুক্তভোগীকে ছেড়ে দিতে বাধ্য হয় অপহরণকারীরা। শুক্রবার (২৩ অক্টোবর) সকালে খোকসা উপজেলার প্যাটেলডাঙ্গী বিল এলাকায় এ অপহরণের ঘটনা ঘটে।

সংবাদ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে খোকসা মাঠপাড়া এলাকার বাসিন্দা মো. গোলাম সারওয়ারের ছেলে ব্যবসায়ী মো. মাহাফুজুর রহমান বর্ষণ প্যাটেলডাঙ্গী বিলে তাঁর জমি পরিদর্শন করতে যান। সেখানে আগে থেকেই ১০ থেকে ১৫ জনের একটি সশস্ত্র দল ওত পেতে ছিল। সন্ত্রাসীরা বর্ষণকে অস্ত্রের মুখে জিম্মি করে একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও নগদ ৫৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে তাকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে পার্শ্ববর্তী কুমারখালী থানার জিলাপিতলা বালুর চর এলাকায় নিয়ে আটকে রাখে।

ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে খোকসা থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ভুক্তভোগীকে উদ্ধারে অভিযান শুরু করে এবং সম্ভাব্য বিভিন্ন স্থানে জোরালো অভিযান পরিচালনা করে। আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত উপস্থিতি ও তৎপরতা টের পেয়ে সন্ত্রাসীরা আতঙ্কিত হয়ে পড়ে। ফলশ্রোতিতে, বিকেল সাড়ে ৫টার দিকে তারা মোটরসাইকেলসহ মাহাফুজুর রহমান বর্ষণকে ছেড়ে দিতে বাধ্য হয়।

ঘটনার বিষয়ে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুল রহমান জানান, ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে এবং বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ