ছবিঃ সংগৃহীত
সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬ সামনে রেখে ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ থমাস ডুলি। শনিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে দল ঘোষণা করা হয়। প্রাথমিক দলে রয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা দেওয়ান চৌধুরী, প্রবাসী ফুটবলার শমিত সোম, জামাল ভূঁইয়া ও ফারহান আলী ওয়াহিদসহ জাতীয় দলের অভিজ্ঞ ও তরুণ খেলোয়াড়েরা।
দলে তিন গোলরক্ষক হিসেবে জায়গা পেয়েছেন মিতুল মারমা, মো. সুজন হোসেন ও মো. মেহেদী হাসান শ্রাবণ। রক্ষণভাগ ও মাঝমাঠে রয়েছেন তপু বর্মণ, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, রহমত মিয়া, জিদান আলেকজান্ডার ইউসুফ, মো. ইসা ফয়সাল, তারিক রায়হান কাজী, জায়ান আহমেদ, দুই সোহেল রানা, মো. হৃদয়, সৈয়দ কাজেমানে শাহ, শেখ মোরসালিন, রাকিব হোসেন ও ফয়সাল আহমেদ ফাহিম।
প্রবাসী ফুটবলারদের মধ্যে হামজা ও শমিতের পাশাপাশি দলে রয়েছেন ফারহান আলী ওয়াহিদ, রোনান বেঞ্জামিন সুলিভান ও মোহাম্মদ মাহে খান। এ ছাড়া অধিনায়কত্বের অভিজ্ঞতা থাকা জামাল ভূঁইয়া, ফাহামেদুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহিম, সুকি ইতোফুসা ও মিনহাজুল করিম শাদিনও রয়েছেন প্রাথমিক দলে। ক্লাবভিত্তিক হিসাবে বসুন্ধরা কিংস থেকে সর্বাধিক কয়েকজন ফুটবলার জায়গা পেয়েছেন। এ ছাড়া আবাহনী লিমিটেড, মোহামেডান স্পোর্টিং ক্লাব, বাংলাদেশ পুলিশ এফসি, ফর্টিস এফসি ও চট্টগ্রাম সিটি এফসির খেলোয়াড়েরা দলে রয়েছেন। বিদেশি ক্লাবে খেলা ফুটবলারদের মধ্যে হামজা শেফিল্ড ইউনাইটেড, শমিত নিউইয়র্ক কসমস এবং ফারহান বোরেহাম উড এফসির হয়ে খেলছেন বলে তালিকায় উল্লেখ করা হয়েছে।
২৮ সদস্যের মূল প্রাথমিক দলের বাইরে মো. ইসহাক আকন্দ ও মো. আসিফকেও অনুশীলনের জন্য ক্যাম্পে যোগ দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। তবে তারা প্রাথমিক দলের তালিকায় অন্তর্ভুক্ত নন।
সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে এই দল নিয়ে প্রস্তুতি শুরু করবে বাংলাদেশ। অনুশীলন ও প্রস্তুতি ম্যাচের পারফরম্যান্সের ভিত্তিতে পরবর্তী সময়ে চূড়ান্ত দল নির্ধারণ করা হবে।