ছবিঃ সংগৃহীত
এএফসি চ্যালেঞ্জ লিগে নিজেদের শেষ ম্যাচে দারুণ প্রত্যাবর্তনে জয় তুলে নিয়েছে বাংলাদেশের ক্লাব ফর্টিস এফসি। শুরুতে পিছিয়ে পড়েও তাজিকিস্তানের এফসি রেগার-তাডাজকে ৩-১ গোলে হারিয়েছে তারা। তবে এই জয়েও গ্রুপের শীর্ষে ওঠা সম্ভব হয়নি। তিন ম্যাচে একটি জয় ও দুটি হার নিয়ে দ্বিতীয় স্থানে থেকে টুর্নামেন্টের গ্রুপপর্ব শেষ করেছে ফর্টিস।
শুক্রবার রাতে কুয়েতের মোহাম্মদ আল হামাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের ১২ মিনিটে শেরজোদ মাখামাদিয়েভের গোলে এগিয়ে যায় রেগার-তাডাজ। প্রথমার্ধে আর সমতায় ফিরতে পারেনি বাংলাদেশের ক্লাবটি। দ্বিতীয়ার্ধেও দীর্ঘ সময় গোলের দেখা না পাওয়ায় হার নিয়ে মাঠ ছাড়ার শঙ্কা তৈরি হয়েছিল।
তবে ম্যাচের শেষ দিকে ঘুরে দাঁড়িয়ে জয় নিশ্চিত করে ফর্টিস। ৬৭ মিনিটে রাফায়েল টুডুর গোলে সমতায় ফেরে দলটি। চার মিনিট পর শিয়ান কাওয়াসাকির গোলে এগিয়ে যায় তারা। এরপর ৮৮ মিনিটে শুকি ইতোফুসার গোল ব্যবধান ৩-১ করে এবং দলের জয় নিশ্চিত করে।