ছবিঃ সংগৃহীত
ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরীমণির জন্মদিন ঘিরে একসময় থাকত জমকালো আয়োজন। তবে সময়ের সঙ্গে বদলেছে উদযাপনের ধরন। এখন বড় আয়োজনের বদলে দুই সন্তানকে সঙ্গে নিয়েই বিশেষ দিনটি উদযাপন করেন তিনি। এবারের জন্মদিনেও আনন্দের মুহূর্তের পাশাপাশি প্রিয় নানা শামসুল হক গাজীর স্মৃতিতে আবেগাপ্লুত হয়ে পড়েন এই অভিনেত্রী।
১৯৯২ সালের ২৪ অক্টোবর সাতক্ষীরায় জন্মগ্রহণ করেন পরীমণি। আজ তার ৩৪তম জন্মদিন। শুক্রবার দিবাগত রাত ১২টার পর দুই সন্তানকে নিয়ে কেক কেটে জন্মদিন উদযাপন করেন তিনি। এ সময় নানার কথা মনে করে আবেগাপ্লুত হয়ে পড়েন পরীমণি। তার ভাষায়, নানা বেঁচে থাকতে ঘুম থেকে তুলে তাকে কেক কাটতে নিয়ে যেতেন। এখন সেই মানুষটি আর নেই। নানার কথা মনে পড়লে কান্না পায় বলেও জানান অভিনেত্রী।
জন্মদিনে কেক কাটার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন পরীমণি। ভিডিওতে তাকে টকটকে লাল পোশাকে দেখা যায়। পোশাকের সঙ্গে মিল রেখে সাজানো হয়েছিল জন্মদিনের কেক। এক কোলে ছেলে, অন্য কোলে মেয়েকে নিয়ে কেক কাটেন তিনি। দুই সন্তানের ভালোবাসায় ভরা চুম্বনে উচ্ছ্বসিত হয়ে ওঠেন পরীমণি। ভিডিওটি প্রকাশের পর মন্তব্যের ঘরে ভক্ত-অনুরাগীদের পাশাপাশি সহকর্মীরাও তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।
পরীমণির পুরো নাম শামসুন্নাহার স্মৃতি। বাবা মনিরুল ইসলাম ও মা সালমা সুলতানা। মাত্র তিন বছর বয়সে মাকে হারানোর পর পিরোজপুরে নানাবাড়িতে বেড়ে ওঠেন তিনি। নানা শামসুল হক গাজী ছিলেন তার জীবনের অন্যতম ভরসা ও সাহসের জায়গা। শৈশব থেকে জীবনের নানা পর্যায়ে নানার স্নেহ ও সমর্থন তাকে শক্তি জুগিয়েছে। ২০২৩ সালে সেই প্রিয় মানুষটিকে হারান অভিনেত্রী। এরপরও নানা স্মৃতিতে বারবার ফিরে আসে তার জীবনে।
ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ ছিল পরীমণির। অভিনেত্রী হওয়ার স্বপ্ন নিয়ে নাচ শেখা শুরু করেন এবং বুলবুল একাডেমি অব ফাইন আর্টসে ভর্তি হন। পরে টেলিভিশন নাটকে অভিনয়ের মধ্য দিয়ে বিনোদনজগতে পথচলা শুরু হয় তার। ‘সেকেন্ড ইনিংস’ ছিল তার অভিনীত প্রথম নাটক। এরপর ‘এক্সক্লুসিভ’ ও ‘এক্সট্রা ব্যাচেলর’সহ কয়েকটি নাটকে কাজ করেন। একসময় ছোটপর্দা পেরিয়ে বড়পর্দায় যাত্রা শুরু করেন তিনি।
২০১৫ সালে শাহ আলম মণ্ডল পরিচালিত ‘ভালোবাসা সীমাহীন’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় পরীমণির। এতে তার সহশিল্পী ছিলেন জায়েদ খান। চলচ্চিত্রে অভিষেকের আগেই একাধিক সিনেমায় চুক্তিবদ্ধ হয়ে আলোচনায় আসেন তিনি। একই সময়ে নজরুল ইসলাম খান পরিচালিত ‘রানা প্লাজা’ সিনেমায় অভিনয়ের খবরও তাকে আলোচনায় নিয়ে আসে। তবে পরবর্তী সময়ে সিনেমাটির মুক্তি নিয়ে জটিলতা তৈরি হয়।
শুরুর দিকে পরীমণিকে ঘিরে দর্শকের প্রত্যাশা ছিল অনেক। পর্দায় উপস্থিতি, নাচের দক্ষতা ও সৌন্দর্যের কারণে আলোচনায় থাকলেও শুধু একের পর এক সিনেমায় চুক্তিবদ্ধ হওয়াই যে সফল ক্যারিয়ারের নিশ্চয়তা নয়, তা সময়ের সঙ্গে স্পষ্ট হয়ে ওঠে। তবে বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে নিজের অবস্থান গড়ে তোলার চেষ্টা চালিয়ে গেছেন তিনি।