২৫ অক্টোবর ২০২৬ , ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

এআই দিয়ে ছবি অপব্যবহার ঠেকাতে আইন চান কৃতি

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ২৫-১০-২০২৬
এআই দিয়ে ছবি অপব্যবহার ঠেকাতে আইন চান কৃতি ছবিঃ সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ব্যক্তিগত ছবি ও অধিকার অপব্যবহারের ঝুঁকি বাড়ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন। তাঁর মতে, প্রযুক্তির দ্রুত অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে আইনও যুগোপযোগী করা জরুরি। কারণ, অনলাইনে ছড়িয়ে পড়া কোনো ছবি আসল, নাকি এআই দিয়ে তৈরি—তা শনাক্ত করা দিন দিন কঠিন হয়ে উঠছে।

সম্প্রতি এনডিটিভি ওয়ার্ল্ড সামিট ২০২৬-এ ‘দ্য মেকিং অব আ মডার্ন স্টার’ শীর্ষক আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন কৃতি। এ সময় ব্যক্তিগত অধিকার সুরক্ষায় এআইয়ের অপব্যবহার নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি।

কৃতি বলেন, আসল ছবির সঙ্গে এআই দিয়ে তৈরি ছবির পার্থক্য এতটাই সামান্য যে অনেক সময় তা সহজে বোঝা যায় না। প্রযুক্তি ভবিষ্যতে কোন পর্যায়ে পৌঁছাবে, সে বিষয়ে মানুষের প্রস্তুতি যথেষ্ট নয় বলেও মনে করেন তিনি। এ কারণে এআই ব্যবহারের ক্ষেত্রে কার্যকর আইন থাকা প্রয়োজন। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামের উদাহরণ দিয়ে অভিনেত্রী বলেন, এআই দিয়ে তৈরি নিজের ছবি শনাক্ত করে সরিয়ে দেওয়ার অনুরোধ জানানোর জন্য সেখানে উপযুক্ত প্রতিবেদন করার ব্যবস্থা নেই। তাঁর মতে, প্রযুক্তির অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে অনলাইন প্ল্যাটফর্মগুলোর ব্যবস্থাও উন্নত করা জরুরি।

নতুন প্রযুক্তি ও উদ্র্ভাবনের বিরোধী নন কৃতি। তবে প্রযুক্তির বিকাশের পাশাপাশি আইনকেও এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি। তাঁর মতে, এআইয়ের মাধ্যমে কী কী করা সম্ভব এবং এর সম্ভাব্য অপব্যবহার মোকাবিলায় মানুষ কতটা প্রস্তুত, তা নিয়ে আরও ভাবতে হবে।

ব্যক্তিগত অধিকার ও অনলাইনে নিজের পরিচয় সুরক্ষার বিষয়টিকে উদ্বেগজনক উল্লেখ করে কৃতি বলেন, এআই তাঁকে ভয় পাইয়ে দেয়। অনেকেই এই প্রযুক্তি নিয়ে উদ্বিগ্ন বলে মনে করেন তিনি। তবে এআইকে চূড়ান্ত লক্ষ্য নয়, বরং একটি হাতিয়ার হিসেবে দেখার পক্ষে অভিনেত্রী। তাঁর ভাষায়, হাতিয়ার যত শক্তিশালী হয়, তার অপব্যবহারের ঝুঁকিও তত বাড়তে পারে।

২০১৪ সালে তেলুগু সিনেমা ‘১: নেনোক্কাদিন’ দিয়ে বড়পর্দায় অভিষেক হয় কৃতি শ্যাননের। একই বছর ‘হিরোপন্তি’ সিনেমার মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করেন তিনি। এরপর একাধিক সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে বর্তমান প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রীদের একজন হিসেবে নিজের অবস্থান তৈরি করেছেন কৃতি।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ