২৬ অক্টোবর ২০২৬ , ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

মহাদেবপুরে ৩ প্রতিষ্ঠানে অভিযান, কারাদণ্ড ও জরিমানা

আপলোড সময় : ২৬-১০-২০২৬
মহাদেবপুরে ৩ প্রতিষ্ঠানে অভিযান, কারাদণ্ড ও জরিমানা সংগৃহীত ছবি


মোস্তাফিজুর রহমান লিটন, রাজশাহী : রাজশাহী  এসআরবি-৫,কর্তৃক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় ,  নওগাঁর মহাদেবপুরে লাইসেন্সবিহীন চিকিৎসাসেবা ও ওষুধ বিক্রির অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে পৃথক অভিযান চালিয়েছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বাধীন যৌথ দল। অভিযানে দুই প্রতিষ্ঠানের মালিককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অপর একটি প্রতিষ্ঠানের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিন প্রতিষ্ঠানের ওপর মোট ৮০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়, যা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

২৫ অক্টোবর ২০২৬ তারিখে নওগাঁর মহাদেবপুর উপজেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এসআরবি-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের একটি অপারেশন দল এবং মহাদেবপুরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাঈম বিনতে আজিজ অংশ নেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত কয়েক দিন ধরে এসআরবি-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা দল মহাদেবপুর উপজেলার বিভিন্ন হাসপাতাল, হোমিও হল ও চিকিৎসাসেবা প্রতিষ্ঠানের প্রয়োজনীয় লাইসেন্স রয়েছে কি না, তা অনুসন্ধান করে। অনুসন্ধানে কয়েকটি প্রতিষ্ঠানের লাইসেন্স না থাকার তথ্য পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে পৃথকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

ফাতেমা হোমিও হলে কারাদণ্ড ও জরিমানা

অভিযানের প্রথম পর্যায়ে মহাদেবপুর উপজেলার ফাতেমা হোমিও হলে অভিযান চালানো হয়। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটির রোগী দেখা ও ওষুধ বিক্রির প্রয়োজনীয় লাইসেন্স ছিল না। এ অপরাধে মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০-এর ২৮(১) ধারায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় প্রতিষ্ঠানটির মালিক ও চিকিৎসক মোঃ  ফারুক হোসেন (৩২), পিতা মকবুল ইসলাম, সাং-কুঞ্জবন, থানা-মহাদেবপুর, জেলা-নওগাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ-সংক্রান্ত মামলার নম্বর ৩৯৯/২৬।

ফাইভ স্টার মেডিকেল সেন্টারে ৫০ হাজার টাকা জরিমানা

দ্বিতীয় অভিযানে উপজেলার লেচুবাগান এলাকার ফাইভ স্টার মেডিকেল সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। প্রতিষ্ঠানটির প্রয়োজনীয় লাইসেন্স না থাকায় মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০-এর ২৮(১) ধারায় মামলা করা হয়। এ ঘটনায় প্রতিষ্ঠানটির মালিক মোঃ  বেদারুল ইসলাম (৫৫), পিতা মৃত জেহের আলী, সাং-কুশল, থানা-মান্দা, জেলা-নওগাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ-সংক্রান্ত মামলার নম্বর ৩৪০/২৬।

ফিজিওথেরাপি প্রতিষ্ঠানের মালিকের কারাদণ্ড

তৃতীয় অভিযানে লেচুবাগান এলাকার স্পেশালাইজড সেন্টার ফর ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। প্রতিষ্ঠানটির প্রয়োজনীয় লাইসেন্স না থাকায় মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০-এর ২৯ ধারায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় প্রতিষ্ঠানটির মালিক মোঃ মাসুম আলী (২৮), পিতা মোঃ সৈয়দ আলী, সাং ও থানা-মহাদেবপুর, জেলা-নওগাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ-সংক্রান্ত মামলার নম্বর ৩৪১/২৬।

জনস্বাস্থ্য সুরক্ষায় অভিযান

সংশ্লিষ্ট সূত্র জানায়, চিকিৎসাসেবা ও ওষুধ বিক্রির ক্ষেত্রে প্রয়োজনীয় অনুমোদন ও লাইসেন্স নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। অনুমোদনহীন প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকি কমানো এবং চিকিৎসাসেবার মান বজায় রাখাই এসব অভিযানের উদ্দেশ্য।

তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে পরিচালিত পৃথক অভিযানে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে, যা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। জনস্বার্থে চিকিৎসাসেবা প্রতিষ্ঠানের বৈধতা যাচাই এবং প্রয়োজনীয় অনুমোদন নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন সংশ্লিষ্টরা।

 


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ