ছবিঃ সংগৃহীত
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় লোকালয় থেকে উদ্ধার করা হয়েছে উজ্জ্বল পালক ও মিষ্টি ডাকের জন্য পরিচিত বিরল প্রজাতির ‘ইষ্টিকুটুম’ বা ‘বনবউ’ পাখি। শনিবার (২৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ৯ নম্বর রানীগাঁও ইউনিয়নের বড়জুষ (আঠারো বাগিয়া) এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় পাখিটি উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে ওই গ্রামের বাসিন্দা শামসুল ইসলাম জাকি নিজের বাড়ির আশপাশে চমৎকার সোনালি-হলুদ রঙের অনন্য সুন্দর এই পাখিটি দেখতে পান। পরে কৌশলে অক্ষত অবস্থায় পাখিটিকে উদ্ধার করেন তিনি। খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও বন বিভাগের পরামর্শে পাখিটিকে নিকটস্থ চা বাগান সংলগ্ন নিরাপদ প্রাকৃতিক বনে অবমুক্ত করা হয়। ইষ্টিকুটুম, হলদে পাখি বা ‘কালোমাথা বনবউ’ নামে পরিচিত এই পাখিটির শারীরিক গঠন ও গাঢ় রঙের উজ্জ্বলতা নজরকাড়া। দেখতে এটি অনেকটা শালিক বা ময়না পাখির আকারের মতো, যার শরীরের দৈর্ঘ্য সাধারণত ২৪ থেকে ২৫ সেন্টিমিটার এবং ওজন প্রায় ৬০ থেকে ৯৫ গ্রাম পর্যন্ত হয়ে থাকে।