২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

ডি-থ্রি ট্রফির নিলামে শরিফুলের দাম ২ কোটি ৩০ লাখ পয়েন্ট

ক্রীড়া ডেস্ক
আপলোড সময় : ২৭-১০-২০২৬
ডি-থ্রি ট্রফির নিলামে শরিফুলের দাম ২ কোটি ৩০ লাখ পয়েন্ট ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন ঘরোয়া প্রতিযোগিতা ডি-থ্রি ট্রফির খেলোয়াড় নিলামে জাতীয় দলের পেসারদের নিয়ে ফ্র‍্যাঞ্চাইজিগুলোর মধ্যে ছিল তুমুল প্রতিদ্বন্দ্বিতা। বড় অঙ্কের পয়েন্ট খরচ করে পছন্দের ক্রিকেটারদের দলে ভিড়িয়েছে দলগুলো। নিলামে সর্বোচ্চ দর পেয়েছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। তাঁকে ২ কোটি ৩০ লাখ পয়েন্টে দলে নিয়েছে সিটিজেন ব্যাংক। দ্বিতীয় সর্বোচ্চ ২ কোটি ১০ লাখ পয়েন্টে তাসকিন আহমেদকে কিনেছে ওয়ালটন। আর ওপেনার তানজিদ হাসান তামিমকে ২ কোটি পয়েন্টে দলে নিয়েছে ফরচুন।

সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ডি-থ্রি ট্রফির খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত হয়। ‘এ’ ক্যাটাগরির নিলামে জাতীয় দলের পেসারদের পাশাপাশি ব্যাটারদের দলে নিতেও বড় অঙ্কের পয়েন্ট খরচ করেছে ফ্র‍্যাঞ্চাইজিগুলো।

নিলামে সাইফ হাসানকে ১ কোটি ৯৫ লাখ পয়েন্টে দলে নিয়েছে সেভেন রিংস সিমেন্ট। একই দামে পেসার হাসান মাহমুদকে কিনেছে এইচ ব্লু স্টার। জাতীয় দলের দুই ব্যাটার নাজমুল হোসেন শান্ত ও লিটন দাসের দাম উঠেছে সমান ১ কোটি ৫৫ লাখ পয়েন্ট। শান্তকে দলে নিয়েছে ফরচুন, আর লিটনকে কিনেছে ওয়ালটন। জাকের আলি অনিককে ১ কোটি ৭০ লাখ পয়েন্টে দলে ভিড়িয়েছে সিটিজেন ব্যাংক।

এ ছাড়া শেখ মাহাদিকে ১ কোটি ৫০ লাখ পয়েন্টে দলে নিয়েছে এইচ ব্লু স্টার। একই দামে খালেদ আহমদকে কিনেছে সেভেন রিংস সিমেন্ট। এনামুল হক বিজয়কে ৯০ লাখ পয়েন্টে দলে পেয়েছে এইচ ব্লু স্টার।

অভিজ্ঞ ক্রিকেটারদের দলে নিতেও আগ্রহ দেখিয়েছে ফ্র‍্যাঞ্চাইজিগুলো। তাইজুল ইসলামকে ৮০ লাখ পয়েন্টে কিনেছে সেভেন রিংস সিমেন্ট। একই দামে মুমিনুল হক সৌরভকে দলে নিয়েছে ওয়ালটন। সৌম্য সরকারকে ৭৫ লাখ পয়েন্টে কিনেছে ফরচুন, আর একই দামে পেসার নাহিদ রানাকে দলে নিয়েছে এইচ ব্লু স্টার।

জাতীয় দলের আরেক পেসার মুস্তাফিজুর রহমানকে ৭০ লাখ পয়েন্টে দলে নিয়েছে সেভেন রিংস সিমেন্ট। লেগ স্পিনার রিশাদ হোসেনকে ৬০ লাখ পয়েন্টে কিনেছে ফরচুন। তবে বিগ ব্যাশে ব্যস্ত সূচির কারণে ডি-থ্রি ট্রফির টি-টোয়েন্টি সংস্করণে খেলবেন না রিশাদ।

ডি-থ্রি বা ডোমেস্টিক থ্রি ট্রফি বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে বিসিবির নতুন উদ্যোগ। চার দিনের ক্রিকেট, ওয়ানডে ও টি-টোয়েন্টি—তিন সংস্করণকে একই প্রতিযোগিতার আওতায় আনার পরিকল্পনা থেকে এই টুর্নামেন্ট চালু করা হচ্ছে। আগামী ১৫ ডিসেম্বর টি-টোয়েন্টি সংস্করণের মধ্য দিয়ে শুরু হবে আসর। এরপর জানুয়ারিতে মাঠে গড়াবে চার দিনের ম্যাচ, আর আগামী বছরের মে মাসে অনুষ্ঠিত হবে ওয়ানডে সংস্করণ।

ছয় দলের এই প্রতিযোগিতায় প্রতিটি ফ্র‍্যাঞ্চাইজি সর্বোচ্চ ২৩ জন ক্রিকেটার নিয়ে দল গঠন করতে পারবে। নিলামের আগেই দলগুলো নিজেদের আইকন ক্রিকেটার নির্বাচন করেছে। ওয়ালটনের মেহেদী হাসান মিরাজ, ফরচুনের তাওহীদ হৃদয়, সেভেন রিংস সিমেন্টের মুশফিকুর রহিম, একমির মোসাদ্দেক হোসেন সৈকত, এইচ ব্লু স্টারের নুরুল হাসান সোহান এবং সিটিজেন ব্যাংকের নাঈম শেখ আগেই দল পেয়েছেন।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ