২৭ অক্টোবর ২০২৬ , ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

মেহজাবীনের কাছ থেকে শিখতে চান তটিনী

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ২৭-১০-২০২৬
মেহজাবীনের কাছ থেকে শিখতে চান তটিনী ছবিঃ সংগৃহীত

ছোট পর্দার অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনীর অভিনয়ের সঙ্গে প্রায়ই মেহজাবীন চৌধুরীর তুলনা করেন দর্শকরা। বিষয়টি প্রশংসা হিসেবে গ্রহণ করলেও নিজেকে কখনো মেহজাবীনের জায়গায় দেখতে চান না তটিনী। তাঁর মতে, একজন শিল্পীর সাফল্য অন্যজনের জন্য অনুপ্রেরণা হতে পারে, তবে প্রত্যেকেরই নিজস্ব পরিচয় তৈরি করা জরুরি। মেহজাবীনের অভিনয়, পরিশ্রম ও পেশাদারত্ব থেকে শেখার বিষয়টিকেই গুরুত্ব দিচ্ছেন এই অভিনেত্রী।

সম্প্রতি ‘ফিরে আসার গল্প’ নাটকের সংবাদ সম্মেলনে মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে নিজের অবস্থান তুলে ধরেন তটিনী। তিনি জানান, এ ধরনের তুলনায় অস্বস্তি বোধ করেন না; বরং গুণী একজন অভিনেত্রীর সঙ্গে তুলনা হওয়াকে বড় প্রাপ্তি হিসেবেই দেখেন।

তটিনী বলেন, ‘অনেকেই বলেন, তুমি মেহজাবীনের মতো, মেহজাবীনের জায়গায় যাচ্ছ। আসলে কেউ কারও জায়গায় যেতে পারে না। আমি কারও সঙ্গে নিজেকে তুলনা করব না, কারও জায়গায় ভাবাটাও ঠিক না। শিল্প অঙ্গনে এই তুলনা হয় না। মেহজাবীন আপু অনেক বড়, গুণী একজন শিল্পী। তবে তুলনা করলে ভালো লাগে। তাঁর মতো গুণী অভিনেত্রীর সঙ্গে তুলনাও তো বড় পাওয়া।’

মেহজাবীনের সঙ্গে তুলনাকে প্রতিযোগিতা হিসেবে দেখেন না তটিনী। বরং তাঁর দীর্ঘ অভিনয়জীবন, কাজের প্রতি নিষ্ঠা ও অভিজ্ঞতাকে নতুন প্রজন্মের শিল্পীদের জন্য শিক্ষণীয় বলে মনে করেন তিনি।

এ প্রসঙ্গে তটিনী বলেন, ‘আমাদের জেনারেশন বা পরের জেনারেশনের জন্য মেহজাবীন আপু একটা উদাহরণ। তাঁর ক্যারিয়ারে এগিয়ে চলা, কাজের প্রতি সততা, তাঁর পরিশ্রম, তাঁর অনেক অভিজ্ঞতা—তাঁর কাছ থেকে আমাদের সবার শেখা উচিত।’

অভিনয়জগতে পা রাখার পর থেকেই মেহজাবীনকে অনুসরণ করার পরামর্শ পেয়েছেন তটিনী। তবে সেই পরামর্শ শুধু অভিনয় বা ক্যারিয়ার গঠনের মধ্যে সীমাবদ্ধ ছিল না; ব্যক্তিত্ব ও আচরণের বিষয়টিও গুরুত্ব পেয়েছে।

তটিনী বলেন, ‘আমি যখন অভিনয়ে আসি, তখনই অনেকে আমাকে একটা কথাই বলেছিলেন, যদি কারও মতো হতে চাও, তাহলে মেহজাবীনকে ফলো করো। আর শুধু ক্যারিয়ার নয়, তিনি মানুষ হিসেবে কেমন, তাঁর আচার-আচরণ—সবই অনুসরণ করার কথা বলতেন। কারণ, সিনিয়রদের কাছ থেকেই আমাদের অনুপ্রেরণা নেওয়া উচিত।’

অভিনয়ে অল্প সময়ের মধ্যেই দর্শকদের কাছে পরিচিতি পেয়েছেন তটিনী। তাঁর অভিনীত নাটকগুলোও দর্শকমহলে আগ্রহ তৈরি করেছে। বর্তমানে মোস্তফা কামাল রাজ পরিচালিত ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’-এ অভিনয় করছেন তিনি। এতে গ্রাম থেকে ঢাকায় পড়তে আসা এক তরুণীর চরিত্রে দেখা যাচ্ছে তাঁকে। নিজের অভিনয়জীবনে এগিয়ে যাওয়ার পাশাপাশি অভিজ্ঞ শিল্পীদের কাছ থেকে শেখার আগ্রহও রয়েছে তটিনীর। মেহজাবীনের সঙ্গে তুলনাকে তিনি ইতিবাচকভাবে নিলেও নিজের স্বতন্ত্র পরিচয় গড়ে তোলার বিষয়টি স্পষ্ট করেছেন। অন্যের সাফল্যকে প্রতিযোগিতার বিষয় না ভেবে অনুপ্রেরণা হিসেবে গ্রহণ করাই তাঁর কাছে গুরুত্বপূর্ণ।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ