২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকির অভিযোগ

বিশেষ প্রতিনিধি
আপলোড সময় : ২৮-১০-২০২৬
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকির অভিযোগ ছবিঃ সংগৃহীত

খুলনার পাইকগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদকে মুঠোফোনে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (২৬ অক্টোবর) বিকেল ৩টার পর আসলাম সিকদার নামের এক ব্যক্তি তাঁকে ফোন করে হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় স্থানীয় চিকিৎসকদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।

অভিযোগ অনুযায়ী, আসলাম সিকদার একটি মুঠোফোন নম্বর থেকে ফোন করে কোনো পূর্ব আলোচনা ছাড়াই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ভয়ভীতি দেখান। কথোপকথনের একপর্যায়ে তিনি বলেন, ‘হয় অর্থ, নয় রক্ত’—এই দুটির যেকোনো একটি দিতে হবে। এমন হুমকির পর নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগে পড়েছেন বলে জানিয়েছেন ওই সরকারি কর্মকর্তা। ডা. আহসানারা বিনতে আহমেদ জানান, ফোনে হুমকি দেওয়ার পর তিনি আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বললে অভিযুক্ত ব্যক্তি আরও বেপরোয়া আচরণ করেন বলে কল রেকর্ডে শোনা যায়। কর্মক্ষেত্রে দায়িত্ব পালনকালে এ ধরনের প্রাণনাশের হুমকি অত্যন্ত উদ্বেগজনক ও ভীতিকর। নিজের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনি সহায়তা পাওয়ার জন্য তিনি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

এদিকে, দায়িত্ব পালনরত একজন চিকিৎসককে হুমকি দেওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছেন স্থানীয় সুধীজন ও চিকিৎসকেরা। তাঁরা অভিযোগটি তদন্ত করে অভিযুক্ত ব্যক্তিকে আইনের আওতায় আনার এবং যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ